কালীপুজো মানেই যার কথা সবার আগে মাথায় আসে তিনি হলেন নৈহাটির বড় মা। বড়মার টানে বহু দুর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে নিজের কামনা পূরণ করতে। মনে করা হয়, বড়মার কাছে মন ভরে কিছু চাইলে তিনি কখনও ফিরিয়ে দেন না।তবে শুধু সাধারণ মানুষ কেন, টলিউডের একাধিক সেলিব্রিটি নিজেদের ছবি মুক্তির আগে বড় মায়ের আশীর্বাদ নিতে পৌঁছে যান নৈহাটি। মায়ের আশীর্বাদে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এবারের কালীপুজোয় তাই মাকে বিশেষ উপহার দিতে দেখা যায় তারকাদের।
জানা গিয়েছে, এই বছর বড়মার জন্য বেনারসি পাঠিয়েছেন দেব। এ কথা তো সকলেরই জানা, ‘খাদান’ হোক বা ‘ধুমকেতু’, যে কোনও ছবির মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটি পৌঁছে গিয়েছিলেন দেব। সকলকে নিয়ে পুজো দিয়েছিলেন মায়ের কাছে। মায়ের আশীর্বাদে তিনটি সিনেমাই বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে তাই মাকে এবার মনের মতো সাজাতে উপহার পাঠান দেব।
তবে শুধু দেব নন, এই বছর অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও নৈহাটি বড় মায়ের উদ্দেশ্যে শাড়ি পাঠিয়েছেন বলে জানিয়েছেন নৈহাটি বড় কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য। যদিও মাকে উপহার দেওয়ার এই রীতি চলে আসছে বহু বছর ধরে। কেউ মাকে শোনা বা রুপোর টিপ উপহার দেন কেউ আবার উপহার দেন শাড়ি।

মা যে সমস্ত শাড়ি পান তার সব মাকে পরানো সম্ভব হয় না বলেই কালীপুজোয় মায়ের বিগ্রহের পিছনে শাড়িগুলি টাঙিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে সেই শাড়ি দান করে দেওয়া হয় দুস্থদের মধ্যে। যদিও শুধু দেব বা সায়ন্তিকা নন, প্রতিবছরের মতো এই বছরেও বড় মায়ের কাছে পুজো দেবেন অভিযোগ বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।