বিতর্ক আর বাধার মধ্যেই মধ্যপ্রদেশের ইন্দোরে কনসার্ট করলেন দিলজিৎ দোসাঞ্জ। রবিবার তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠান ঘিরে আগে থেকেই তৈরি হয়েছিল উত্তেজনা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, প্রশাসনিক বিধিনিষেধ এবং একাধিক আপত্তির মাঝেই মঞ্চে উঠে কবি রাহাত ইন্দোরির বিখ্যাত পংক্তি আওড়ালেন পঞ্জাবি গায়ক। তাঁর মুখে শোনা গেল, ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’। পাশাপাশি, তাঁকে ইন্দোরে অনুষ্ঠান করতে বাধা দেওয়ার একাধিক চেষ্টা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
কনসার্টে দিলজিৎকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই আপত্তিকারীদের উদ্দেশে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘এটা গাওয়া যাবে না, ওটা গাওয়া যাবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না।’ এরপরই রাহাত ইন্দোরির কবিতার কয়েকটি পংক্তি শোনান তিনি। কবিতায় উঠে আসে সত্যি কথা বলার স্বাধীনতা, বিরোধিতাকে উপেক্ষা করার সাহস এবং দেশের মাটিতে সকলের অবদানের প্রসঙ্গ। শেষের দিকে তাঁর কণ্ঠে শোনা যায়, ‘সবকা খুন শামিল হ্যায় ইয়হাঁ কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।’
এরপর উপস্থিত দর্শকদের ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দিতে বলেন দিলজিৎ। ইন্দোরকে মহাকালের ভূমি হিসেবে উল্লেখ করে তিনি জানান, এখানে আসতে তাঁকে কেউ আটকাতে পারবে না। তাঁর কথায়, আগে তিনি ভয় পাননি, এখনও পান না। বরং দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে এই মঞ্চে নিয়ে এসেছে। দিলজিৎ আরও দাবি করেন, তাঁকে ইন্দোরে আসা থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু কাউকে একবার কথা দিলে তিনি পিছিয়ে আসেন না। একাধিক বিধিনিষেধ সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে হাজির হয়েছেন।
উল্লেখ্য, মদ্যপান সংক্রান্ত কিছু গান নিয়ে আগেও আপত্তির মুখে পড়েছে দিলজিতের কনসার্ট। ইন্দোর এবং গুজরাতের আমদাবাদে তাঁর অনুষ্ঠানের বিরুদ্ধে শিশু সুরক্ষা সংক্রান্ত কর্তৃপক্ষের তরফে আপত্তি জানানো হয়েছিল। ৬ নভেম্বরের একটি নির্দেশে ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক চারটি গান পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেন। এমনকী, অনুষ্ঠানের চূড়ান্ত অনুমতিও স্থানীয় পুলিশের কাছ থেকে শো শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে মেলে।

এর পাশাপাশি, দিলজিতের কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল ইন্দোরের মেয়রের দফতর-সহ একাধিক প্রতিষ্ঠানে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ সেই হুমকিকে ভুয়ো বলে জানায়। সাম্প্রতিক বছরগুলিতে দিলজিতের রাজনৈতিক মতামত এবং তাঁর গানে নেশা ও হিংসা প্রচারের অভিযোগ তুলে বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের বিরোধিতার মুখেও পড়েছেন তিনি।