‘খারাপ সময় আপনারা লাথি মারেন…’! মোদী-কাণ্ডে টলিউডের কটাক্ষ

Spread the love

বিগত মাসে বড় বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দিল্লিতে ছাত্র আন্দোলনে লাঠি চালানোর ঘটনার প্রতিবাদে কলকাতার মিছিলে পা মিলিয়েছিলেন তিনি। আর সেখানে তাঁর হাতে থাকা একটি পোস্টারেরছবি সামনে আসে। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত কার্টুন ব্যবহার করা হয়েছিল। আর তাতেই অভিনেত্রীর নামে সমালোচনায় মুখর হন বাংলার বড় একাংশের মানুষ। এমনকী, তাঁর নামে ৩০টিরও বেশি থানায় জমা পড়ে এফআইআর। গ্রেফতারের দাবি তোলে বিজেপি। এমনকী, শ্রীলেখার বাড়ির সামনে তাঁকে ধিক্কার জানাতেও পৌঁছয় শাসক দলের অনুরাগীরা।

তবে শ্রীলেখাকে আক্রমণ শুধু আসেনি বিজেপি-র থেকে। এমনকী, টলিউডের বড় বড় তারকারাও অভিনেত্রীর সমালোচনা করেন। প্রায় সকলেরই বক্তব্য, ‘প্রতিবাদের ভাষা শালীনতার মাত্রা না ছড়ানোই ভালো’। রত্না ঘোষাল দাবি তোলেন, ‘মাথা খারাপ হয়ে গিয়েছে’। শ্রীলেখার বিরুদ্ধে মুখ খোলেন কনীনিকা, মমতা শঙ্করের মতো তারকারা।

এবার টলিউডের তারকাদের তাঁর বিরুদ্ধে মুখ খোলা নিয়ে লম্বা পোস্ট এল শ্রীলেখার থেকে। লিখলেন, ‘একজন অভিনেত্রী যখন বলেন, ‘শিক্ষিত হওয়া ভালো, অতিশিক্ষিত হওয়া ভালো নয়’, তখন ধরে নিচ্ছি তিনি স্বীকার করছেন যে কিছু ক্ষেত্রে আমি তাঁদের চেয়ে বেশি শিক্ষা, অভিজ্ঞতা, বোধ বা চেতনার পরিচয় দিয়েছি। শিক্ষিত হওয়া মানে শুধু ডিগ্রি নয়। শিক্ষা মানে এক্সপোজার, প্রশ্ন করার ক্ষমতা, মানবিকতা, চেতনা এবং বিবেক। সেই জায়গায় আমার অবস্থান আলাদা— এটাই যদি আমার অপরাধ হয়, তবে সেই দায় আমি নিলাম।’

এরপর রত্না ঘোষালের উদ্দেশে শ্রীলেখার জবাব, ‘ঘোষাল মহাশয়া বলেছেন, আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সত্যিই আমার মাথা খারাপ হয়ে যায়, যখন দেখি প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন ভেঙে যায়, কেউ কেউ চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয়। এমন ঘটনা আমাকে নাড়া দেয়। যদি অন্যায় দেখে প্রতিবাদ করাকে মাথা খারাপ বলা হয়, তাহলে সেই অভিযোগ আমি মেনে নিলাম।’

এখানেই থেমে না থেকে শ্রীলেখা তাঁর পোস্টে আরও লেখেন, ‘আমি আপনাদের মতো হতে পারিনি, আর হতে চাইওনি। ক্ষমতার সুবিধা পাওয়ার জন্য কখনও দল বদলে নিজের অবস্থান বদলাইনি। আজ টিএমসি, কাল বিজেপি—যে দিকেই সুবিধা, সে দিকেই ঝুঁকে পড়ার রাজনীতি আমি করিনি। নিজের বিবেক, আত্মসম্মান আর মেরুদণ্ড বিক্রি করিনি। সেটাই যদি আমার দোষ হয়, তাহলে সেই দোষ নিয়েই আমি বাঁচব। একটা কথা মনে রাখব, আর আপনাদেরও মনে করিয়ে রাখলাম—সময় কখনও এক জায়গায় থেমে থাকে না। সময় বদলায়। আমার খারাপ সময়ে আপনারা আমায় যদি লাথি মারেন, তাহলে প্রার্থনা করুন আমি যেন কখনো উঠে না দাঁড়াই!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *