রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর বসেছে সৌদি আরবের জেদ্দায়। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (৫ নভেম্বর) হলিউড তারকা জেসিকা অ্যালবা তার ক্যারিয়ারের আলোচিত একটি বিষয় তুলে ধরেন।
অভিনেত্রী বলেন, ২০০৫ সালে টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ সু স্টর্ম চরিত্রে অভিনয় করতে গিয়ে একটি দৃশ্যে সু স্টর্ম ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৃশ্যমান হয়—এ দৃশ্যটি সবচেয়ে অপছন্দের দৃশ্য।
তিনি বলেন, ‘ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর নিজেও বেশ সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত।
জেসিকা অ্যালবা অবশ্য সু স্টর্ম চরিত্রটিকে খুব ভালোবাসেন। তিনি বলেন, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণাকে ভেঙে দিয়েছিল এই চরিত্র। সে ছিল মা-সুলভ, দয়ালু—কিন্তু একই সঙ্গে দৃঢ়, নিজের মত স্পষ্টভাবে বলত।
তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ। সেই সময় নারী চরিত্রগুলোকে সাধারণত উদ্ধার করে কেউ একজন; নারী ছিল সমস্যার কারণ বা সমস্যা সমাধানের অপেক্ষায়। সু স্টর্ম ছিল আলাদা, আর আমি তাকে শ্রদ্ধা করতাম।’

জেসিকা অ্যালবা জানান তিনি ডাকোটা জনসনের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-তে অভিনয় করছেন। সেখানে তার সঙ্গে থাকছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট।