টেস্টে নয়া কোচের দাবি তোলায় IPL দলের মালিককে আক্রমণ গম্ভীরের

Spread the love

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারত জিতেই সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। বিশেষত নাম না করে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতীয় দলের হেড কোচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে লাল এবং সাদা বলের ক্রিকেটে যে পৃথক কোচের পক্ষে সওয়াল করেছিলেন পার্থ, তা নিয়ে দিল্লির মালিককে নিজের চরকায় তেল দিতে বলেন গম্ভীর। নিজে যে কাজটা করেন, সেটা নিয়েই মাথা ঘামাতে বলেন দিল্লি ক্যাপিটালসের মালিককে।

স্প্লিট কোচিংয়ের কথা বলায় চটে গিয়েছেন গম্ভীর

শনিবার বিশাখাপত্তনমে ভারতের সিরিজ জয়ের পরে গম্ভীর বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ হারের পরে ‘কীসব জিনিস বলা হচ্ছিল, ভগবান জানে। অর্ধেক জিনিসের সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক ছিল না।’ তারপর আরও সুর চড়িয়ে গম্ভীর বলেন, ‘একটি আইপিএল দলের মালিক তো স্প্লিট কোচিংয়ের বিষয়ে লিখেছিল। আমি অন্য কারও বিষয়ে নাক গলাতে যাইনি। তাই এটা গুরুত্বপূর্ণ যে লোকজনও নিজেদের জগতে সীমাবদ্ধ থাকুক।’

গম্ভীর কারও নাম না করলেও নিশানায় যে কে ছিলেন, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। কারণ গত বছর গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ হারের পরে লাল বলের ক্রিকেটে বিশেষজ্ঞ কোচের পক্ষে সওয়াল করেছিলেন পার্থ। ঘরের মাঠে টেস্টে ভারতের যে দীর্ঘদিন আধিপত্য ছিল, তা ওই দুটি সিরিজে শেষ হয়ে গিয়েছে। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানের লজ্জার হারের মুখে পড়েছিল গম্ভীরের ভারত।

টেস্টে ভারতের কোচ বদলের সওয়াল করেন পার্থ

তারপর পার্থ বলেছিলেন, ‘ঘরের মাঠে আমাদের টেস্ট দলকে কবে এত দুর্বল দেখেছি, সেটা মনে করতেও পারছি না। এটাই হয়, যখন লাল বলের বিশেষজ্ঞদের দলে নেওয়া হয় না। লাল বলের ক্রিকেটে আমাদের যে প্রবল পরাক্রম ছিল, তার ছিঁটেফোটা প্রতিফলন হয় না এই দলে। টেস্ট ক্রিকেটের জন্য ভারতের একজন বিশেষজ্ঞ কোচ নিযুক্ত করার সময় এসে গিয়েছে।’

গম্ভীরের গিল তত্ত্ব

আর তা নিয়েই গম্ভীর আক্রমণ শানিয়েছেন পার্থকে। সেইসঙ্গে ইডেন টেস্টে হার নিয়ে নয়া যুক্তিও পেশ করেছেন ভারতীয় দলের হেড কোচ। তিনি দাবি করেছেন, অনেকেই ইডেনে ৩০ রানে হার নিয়ে পিচ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। কিন্তু কেউ এটা বলছেন না যে অধিনায়ক শুভমন গিল ইডেনে দুটি ইনিংসেই ব্যাট করেননি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। গিলের মতো ব্যাটারকে না পাওয়াটা বড় ব্যাপার বলেও দাবি করেন গম্ভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *