শুক্রবার কালীঘাটে কলকাতা পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সেরে বেরোনোর সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংবাদিকরা বেআইনি নির্মাণ ইস্যুতে পুরসভার নোটিসের প্রেক্ষিতে প্রশ্ন করেন। এরপরই দেখা যায় কার্যত মেজাজ হারিয়ে জবাব দিচ্ছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে সদ্য নোটিস যায় কলকাতা পুরসভার। অভিযোগ ছিল অবৈধ নির্মাণের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতনে’র বেআইনি অংশ ভাঙারও নির্দেশ দেয় কলকাতা পুরসভা। নজরে অভিষেকের ১৭ সম্পত্তিও। জানা যায়, দলের অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়টি নিয়ে প্রসঙ্গ উঠতেই অভিষেক সাফ বলেছিলেন, তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবেন, তাতে তাঁকে নোটিস পাঠানো হোক বা বাড়ি ভাঙাই হোক! এরপর পুরসভার সেই নোটিস পাঠানোর কয়েকদিন পরই সাংবাদিকদের প্রশ্নের সামনে দাঁড়িয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নে কার্যত বিরক্তির সুরে বলেন,’যারা এ সব প্রশ্ন করছেন, তারা আগে পুরসভাকে প্রশ্ন করুন, অবৈধ অংশ কোনটা।’ এরই সঙ্গে তিনি বলেন,’ আগে তারা জবাব দিলে আমিও প্রশ্নের উত্তর দেব। অবৈধ অংশ ‘মার্ক’ (চিহ্নিত) করে দিন। আমি জবাব দেব।’
এদিকে, রাজ্যের শাসকদলের তকমা খোয়ানোর পরই ঘাসফুল শিবিরের নজরে আপাতত পুরভোট। তবে তার আগে, জমি শক্ত করতে পুরসভার কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতো শুক্রবার বিকেল চারটেয় কলকাতা পুরসভার কাউন্সিলররা পৌঁছে যান বৈঠকে। সেই বৈঠকে এই পুরসভার নোটিসের বিষয়টিও আসে। এরপর সেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হতেই তাঁর কাছে সাংবাদিকদের প্রশ্ন যায়। প্রশ্ন শুনেই বেশ বিরক্ত দেখায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেককে।
