ডিজে মাউজের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ভরত কলের স্ত্রী?

Spread the love

সোমবার অচমকাই বিগ বস বাংলা-র ঘরকে বিদায় জানাতে হয় ঝিলম গুপ্তের। যদিও এলিমিনেট হয়ে নয়, ঝিলম বিগ বসের ঘরের বাইরে পা রাখে, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে। বিগত কয়েকসপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন ঝিলম। সোমবার বিগ বস জানিয়ে দেয়, শারীরিক অসুস্থতার কারণে ঝিলমকে বিদায় নিতে হবে।

ঝিলম চলে যাওয়ার সময় চোখের জল ফেলতে দেখা যায় ঘরের প্রতিটা সদস্যকে। এমনকী, নিজেকে সবসময় রাফ অ্যান্ড টাফ রাখা রাজবীরকেও ফেলতে দেখা যায় চোখের জল। বিগ বসের ঘরকে বিদায় জানানোর আগে ঝিলম তাঁর লেখা ও সুর করা ‘এই বাড়িতেও থাকতে এসো মা’ গানটি গাইতে দেখা যায়। এমনকী, রবিবারের এপিসোডেও যে জীতুর সঙ্গে ঝামেলা বেঁধেছিল ঝিলমের, সেই জীতুও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আর এবার ঝিলমের জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।

‘ঝিলম তুমি ভালো থেকো। ভগবান তোমাকে ভালো রাখুন। খুব তাড়াচাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো, ডিজে মাউজ।’ ঝিলমের বাবা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে গলব্লাডার স্টোনের কারণেই কয়েকদিন ধরে পেটে ব্যথা হত ঝিলমের। এমনকী, স্টোন বড় হয়ে যাওয়ার কারণে শীঘ্রই অপারেশন করা জরুরি।

ঝিলম পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম। এমনকী, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও এসেছিল অভিনয়ের প্রস্তাব।

এদিকে, ঝিলম চলে যাওয়ার পর বদলেছে ঘরের সমীকরণ। চলতি সপ্তাহে নমিনেশনে রয়েছেন জীতু, সোনামণি, দুর্নিবার, তনুশ্রী, সৃজলা ও রাজবীর। টক্কর হতে চলেছে বেশ কাঁটায় কাঁটায়। দেখার দুর্গাপুজোর সপ্তাহে কে বিদায় জানাতে বাধ্য হয় বিগ বসের ঘরকে। নাকি, ঝিলম চলে যাওয়ার পর, স্থগিত রাখা হয় এলিমিনেশন।

এদিকে, বিগ বসের ঘরের সবচেয়ে বয়স্ক সদস্য হয়েও গোটা ঘরকে মাতিয়ে রেখেছেন ভরত কল। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও প্রতিটা টাস্কে পুরোদমে অংশ নিতে দেখা যায় ভরতকে। আর স্বামীর জন্য ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে চলেছেন জয়শ্রীও। এমনকী, তাঁদের মেয়ে আরিয়ার বাবার জন্য যতই মন খারাপ হোক, চায় যেন ভরত বিগ বস বাংলার ট্রফি নিয়েই কলকাতায় ফেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *