বামনেত্রী দীপ্সিতা ধর অনেকেরই হার্টথ্রব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপ্সিতার কাছে প্রশ্ম রাখা হয়, খবর আসছে যে তিনি নাকি ডিসেম্বরে বসছেন বিয়ের পিঁড়িতে! একথা কি সত্যি? তাতে কী জবাব এল দীপ্সিতার থেকে।
ইনস্ক্রিপ্ট.মি-র পক্ষ থেকে ডিসেম্বরের বিয়ে নিয়ে প্রশ্নে বামনেত্রী জবাব দেন, ‘যারা এটা জেনেছে, যদি আমাকেও জানিয়ে দেন কোথায় হবে, কার সঙ্গে হবে। তাহলে আমিও বাধিত থাকব। আমি যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, তিনিও এটা জানেন না। মানে ডিসেম্বরে যে আমি তাঁর সঙ্গে বিয়ে করব, এটা তিনিও জানেন না।’
এরপর তাঁর কাছে ফের প্রশ্ন রাখা হয় যে, ‘শুনলাম পাত্র কেরালার লোক?’ যাতে দীপ্সিতা বলেন, ‘কেরালায় যদি এমন কেউ থেকেও থাকে, তিনিও জানেন না তিনি আমার পাত্র। আমিও আজ এখানে এসে এক্সক্লুসিভলি এসব জানতে পারছি।’ সঙ্গে দীপ্সিতা স্পষ্ট করেন, ডিসেম্বর কেন, সাম্প্রতিক সময়ে তাঁর বিয়ে করার কোনো সম্ভাবনাই নেই।
তবে দীপ্সিতা যে কারও সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাতে নিজেই দিয়েছেন সিলমোহর। এক সাক্ষাৎকারে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বলেছিলেন, ‘বিয়ে একটা মিউচুয়াল ডিসিশন। যে মানুষটিকে আমি বিয়ে করতে চাই, আমাদের দু-জনের একইসঙ্গে একইসময়ে এই ডিসিশনটা নিতে হবে। তবে এই মুহূর্তে আমাদের বিয়ের পরিকল্পনা নেই।’
‘এখন আমাদের দুজনেরই ব্যক্তিগত জীবন, কেরিয়ার এসব নিয়ে সেটেলড হতে হবে। আমরা দুজনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫টা বছর, ১০টা বছর আমরা কিভাবে কাটাব। সেটা যদি হয়ে যায়, যদি কোথাও দুজনার একটা জায়গায় তালমিলের জায়গায় আসতে পারে তাহলে নিশ্চয়…’, সেইসময় বিয়ের পরিকল্পনা নিয়ে বলেছিলেন আরও।

আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক ডিগ্রি পাশ করার পর, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পপুলেশন স্টাডিজে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ঠাকুরদা পদ্মনিধি ধর ছিলেন হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি-র তিনবারের জনপ্রিয় বিধায়ক। ঠাকুরদার আদর্শ এবং রাজনৈতিক পরিবেশ দীপ্সিতাকে শৈশব থেকেই গভীরভাবে প্রভাবিত করেছিল।শৈশব থেকে পারিবারিক বামপন্থী আবহের কারণে ‘কিশোর বাহিনী’র মতো শিশুদের সংগঠনের মধ্য দিয়ে তার প্রগতিশীল রাজনীতির হাতেখড়ি হয়। কলেজে থাকার সময়তে পুরোদমে এসএফআই-এর সঙ্গে যুক্ত হন।