বলিউড নির্মাতা রাকেশ রোশনপুত্র হৃতিক রোশন। প্রথম সিনেমা দিয়েই জয় করে নেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু আপনি কি জানেন, ব্যক্তি জীবনে ক্যারিয়ারের শুরুতে ত্রিশ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড এ সুপারস্টার?
কেউ হাতে ফুল, কেউবা ছবি নিয়ে হাজির, একটাই ইচ্ছে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশানের জীবনে একটু জায়গা করে নেয়া। পাত্রীদের লম্বা লাইন দেখে পেছনের দরজা দিয়ে প্রায়ই পালিয়ে যেতেন হার্টথ্রব এ নায়ক।
২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিকের। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর রাতারাতি তারকা বনে যান হৃতিক। দুর্দান্ত হাইট, নিজস্ব স্টাইল, সুদর্শন চেহারার সঙ্গে মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন ঘরানার নাচ, রোম্যান্স, অ্যাকশন সবক্ষেত্রেই দুর্দান্ত পারদর্শিতা তার। সেকারণেই প্রথম সিনেমা মুক্তির পরেই তার কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব আসে।
সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে সেই স্মৃতিচারণ করেন হৃতিক। বলেন, সকালে ঘুম ভেঙেই জানালার পর্দা সরিয়ে দেখতাম বাড়ির দরজার সামনে লম্বা লাইন। কারও মা, কারও খালা সবাই তাদের যোগ্য কন্যার জন্য আমার কাছে আসতেন।ভক্তদের এমন উন্মাদনা অবশ্য বেশি সময় চলতে দেননি হৃতিক। অভিনেতার মন তখন বাল্যবন্ধু সুজান খানের কাছে। ব্যক্তিজীবনে প্রায়ই ভক্তদের ভিড় ঠেলে সুজানের সঙ্গে দেখা করার জন্য ছুটতেন রাকেশপুত্র। প্রেমিকার জন্য তার এই প্রতিদিনের পালানো যেন ছিল এক মধুর অভিযাত্রা।

তবে এই অভিযাত্রা বেশি দীর্ঘ হয়নি হৃতিকের। প্রথম সিনেমা মুক্তির বছরই প্রেমিকা সুজানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হৃতিক। আর মুহূর্তেই লাখো অনুরাগীর হৃদয়ে বয়ে যায় হতাশা আর দীর্ঘশ্বাসের করুণ বাতাস।