দাদার মৃত্যুর ৫ বছর পর বড় পদক্ষেপ বোনের

Spread the love

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। একজন তরুণ অভিনেতার এইভাবে হঠাৎ করে মৃত্যুতে আঙুল উঠেছিল গোটা বলিউডের ওপর। বহুদিন ধরে চলেছিল তদন্ত, গ্রেফতার করা হয়েছিল একাধিক অভিযুক্তকে। কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অভিনেতার মৃত্যুর আসল কারণ সামনে আসেনি।

তবে আবারও খবরের শিরোনামে উঠে এল সুশান্তের নাম। নেপথ্যে সুশান্তের বোন দিব্যা গৌতম। সুশান্তের মৃত্যুতে যে বিহার একসময় স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই বিহারের বিধানসভা ভোটে বাম দলের তরফে প্রার্থী করা হলো সুশান্তের খুরতুতো বোন দিব্যাকে।সোমবারই দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দিব্যার নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দীঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। ছাত্র রাজনীতিতে চিরকালই একজন পরিচিত মুখ ছিলেন সুশান্তের বোন। আইসার হয়ে যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন তিনি। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন।

জানা গিয়েছে, বুধবার মনোনয়ন জমা দেবেন দিব্যা। রাজনীতি করার পাশাপাশি সমাজ মূলক কাজে যুক্ত তিনি। পাটনা কলেজে পড়তেন সাংবাদিকতা নিয়ে। জার্নালিজম এন্ড মাসকমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রীও অর্জন করেছেন দিব্যা। এবার সরাসরি ভোটের ময়দানে লড়তে দেখা যাবে তাঁকে।

তবে শুধু ভোটে লড়াই করার উদ্দেশ্যে রাজনীতির মাঠে নামছেন না তিনি, আগামী দিনে সমাজ পরিবর্তনই হবে তাঁর প্রধান উদ্দেশ্য। মানুষের হয়ে কাজ করার ব্রত নিয়েই তিনি নাম দিয়ে চলেছেন ভোটের ময়দানে। বহুদিন পর দিব্যার মতো একজন শিক্ষিত এবং সাহসী ব্যক্তিত্বকে রাজনীতির মঞ্চে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

এর আগে, বিহার বিধানসভায় বর্তমানে দুইজন বিধায়ক থাকা ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ঘোষণা করেছিল যে তাদের দুই বিধায়ক, অজয় ​​কুমার এবং সত্যেন্দ্র যাদব যথাক্রমে ১৪ এবং ১৮ অক্টোবর তাদের মনোনয়নপত্র জমা দেবেন। এই পদক্ষেপগুলি নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে বাম দলগুলির সক্রিয় প্রস্তুতির ইঙ্গিত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *