বক্স অফিস জুড়ে এখন ধুরন্ধর ঝড়। যতই একাংশ একে প্রোপাগান্ডা ছবি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করুক, উরির পর ফের বক্স অফিস ছক্কা হাঁকালেন আদিত্য় ধর। ছবির মতোই তাঁর গানও হিট। টাইটেল ট্র্যাক থেকে ‘এফএ৯এলএ’ ভাইরাল হিট হয়ে উঠলেও, অন্যান্য গানগুলিও চার্টে শীর্ষে রয়েছে। এর মধ্যে রয়েছে আয়েশা খান ও ক্রিস্টল ডিসুজার ওপর নির্মিত নাচের গান শরারত।
এই গানটির কোরিওগ্রাফার হালে প্রকাশ করেছেন যে এই গানের জন্য তাঁর প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন তামান্না ভাটিয়া, কেবল পরিচালক আদিত্য ধর রাজি হননি। তিনি বাদ দেন তামান্নাকে। শরারাত কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্য়ায় একটি বিবাহ উদযাপনের সময় ছবিতে প্রদর্শিত শরারাত গানটি সম্পর্কে কথা বলেছেন। করাচির বিয়েতে অতিথিদের জন্য আয়েশা এবং ক্রিস্টলকে পারফর্ম করতে দেখা গেছে ছবির দৃশ্যায়নে। এক সাক্ষাৎকারে বিজয় গঙ্গোপাধ্যায় জানান যে তাঁর পছন্দ ছিলেন তামান্না ভাটিয়া। বলেন, ‘আমার মাথায়, একজনই ছিলেন, তামান্না ভাটিয়া। আমি তাঁকে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আদিত্য খুব পরিষ্কার ছিলেন যে লোকেরা এই গানকে আইটেম গান বলবে তা তিনি চান না’। তামান্নার জেরে এই গান ছবির গল্প থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে এমনটা আশঙ্কা করেছিলেন পরিচালক। তাই তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

অবশেষে, আদিত্য বিজয়কে গানে একজনের পরিবর্তে দুজন নৃত্যশিল্পী রাখতে রাজি করান, এভাবেই আয়েশা এবং ক্রিস্টল ছবিতে এসেছিলেন। তিনি বলেন, ‘তিনি (আদিত্য) চাননি যে একজন ব্যক্তির প্রতি মনোযোগ থাকুক। যদি এটি তামান্না হত তবে তার উপর ফোকাস হত, ছবির গল্প নয়’।