বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করে ফেলেছে পর্তুগাল। কিন্তু জয় অধরা। কঙ্গোর মতো দেশের কাছে আটকে গেছে সিআরসেভেনের দল। ‘বদ্দা’কে ৯০মিনিটের খেলায় মাঠে খুঁজেই পাওয়া যায়নি। ফুটবল কেরিয়ারের পাশাপাশি ক্রিশিয়ানো রোনাল্ডোর ব্য়ক্তিগত জীবন বরাবরই রঙিন। জানেন কি একবার এক বঙ্গললনার সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।
বলিউডের অন্যতম চর্চিত এবং হাই-প্রোফাইল স্ক্যান্ডালগুলির কথা বললে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বলিউড অভিনেত্রী বিপাশা বসু-র সেই বিতর্কিত চুম্বনের ছবিটির কথা আজও সবার আগে মনে পড়ে। ২০০৭ সালের সেই ঘটনা সে সময় নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল, কারণ তখন জন আব্রাহামের সঙ্গে মারাত্মক সিরিয়াস সম্পর্কে ছিলেন বিপাশা। সম্প্রতি রোনাল্ডোর ব্যক্তিগত জীবনের কিছু খবরের সূত্র ধরে নেটপাড়ায় আবারও নতুন করে ভাইরাল হয়েছে তাঁদের সেই পুরনো নস্টালজিক ছবি। আর তার পরেই সামনে এসেছে এই নিয়ে বিপাশার দেওয়া একটি পুরনো জবাব।
পর্তুগালের সেই ক্লাব পার্টি এবং ভাইরাল ছবি
ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে, পর্তুগালের লিসবনে ‘বিশ্বের নতুন সাতটি আশ্চর্য’ ঘোষণার এক আন্তর্জাতিক অনুষ্ঠানে। বিপাশা সেখানে বলিউড তথা ভারতের প্রতিনিধিত্ব করছিলেন, আর রোনাল্ডো ছিলেন আমন্ত্রিত তারকা।
অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ার পর লিসবনের একটি নামী ক্লাবে আফটার-পার্টিতে যোগ দেন দুজনে। সেখানেই তাঁদের নাচ, আড্ডা এবং এক পর্যায়ে রোনাল্ডোর বিপাশাকে চুম্বন করার ছবি পাপারাৎজ্জিদের ক্যামেরায় বন্দি হয়। ছবিটি ছড়িয়ে পড়তেই রে রে করে ওঠে অনুগামীরা। জনের সঙ্গে সম্পর্কে থেকেও বিপাশা রোনাল্ডোকে কেন চুমু করলেন, তা নিয়ে শুরু হয় ‘প্রতারণা’র মারাত্মক ট্রোলিং। পরবর্তীতেও বিপাশা-রোনাল্ডোর মাখামাখি নিয়ে কম আলোচনা হয়নি।

২. “ও খুব লম্বা, তাই নিচু হয়ে কথা বলছিল”— সাফাই বিপাশার
পরবর্তীতে জনপ্রিয় চ্যাট শো ‘আপ কি আদালত’-এ এসে এই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুলেছিলেন বিপাশা বসু। তিনি মিডিয়ার সমস্ত নোংরা জল্পনা উড়িয়ে দিয়ে আসল সত্যিটা খোলসা করেন।
বিপাশা বলেছিলেন, ‘আমি এই বিষয়ে আগে কখনও সংবাদমাধ্যমকে কোনও স্পষ্টীকরণ দেওয়ার প্রয়োজন মনে করিনি, কিন্তু এবার বলছি। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মস্ত বড় ফ্যান ছিলাম এবং এখনও আছি। লিসবনে ইভেন্টের পর একটা পার্টিতে আমাদের দেখা হয়। ও খুব লম্বা, আর চারপাশের ক্লাবে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তাই ও যখনই আমার সাথে কথা বলতে আসছিল, ওকে অনেকটা নিচু হয়ে ঝুঁকে কথা বলতে হচ্ছিল। ছবিটা সেই মুহূর্তেরই।’ যদিও বিপাশার এই সাফাইয়ে চিড়ে ভেজেনি। কারণ তাঁদের সেই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল।
অন্য এক সাক্ষাৎকারে উছ্বসিত বিপাশা বলেছিলেন, ‘রোনাল্ডোর সাথে দেখা হওয়াটা আমার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। ও ভীষণ কিউট, আর ও যখন আমাকে কিউট বলল, আমার খুব অদ্ভুত লাগছিল। ও এখন আমার বন্ধু।’