নারীসুরক্ষা নিয়ে উদ্বিগ্ন খোদ বাংলার মন্ত্রী! জোর চাপানউতোর

Spread the love

‘খবরের কাগজ পড়তে এখন ভয় হয়। এই বুঝি আবার কোনও মেয়ের উপরে অত্যাচার হল।’ রাজ‍্যের নামোল্লেখ না করেই নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়েই চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। এই পরিস্থিতিতে উল্টো সুর রাজ্যে মৎস্যমন্ত্রীর।

নারী সুরক্ষা নিয়ে মন্ত্রী অবশ্য কোনও রাজ্যের নাম উল্লেখ করেননি। ফলে এ রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন, না সামগ্রিক ভাবে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়। আবার, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত, এমন দাবিও তাঁকে করতে শোনা যায়নি। তাই খোদ রাজ্যের মন্ত্রীর মুখে এমন মন্তব্যে নানা মহলে উঠেছে বিতর্কের ঝড়। যদিও পরে বিপ্লব রায়চৌধুরী দাবি করেন, মেয়েদের সুরক্ষা এবং উন্নতির জন্য প্রভূত প্রচেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কী বলেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী?

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাশেই আরএসএ ময়দানে নন্দিনী মেলা উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, তৃণমূল নেতা নিতাই সার, অমিয় ভট্টাচার্য, হাবিবুর রহমান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, রামনগর ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে ছিলেন। সকলের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, ‘খবরের কাগজ পড়তে এখন ভয় হয়। এই বুঝি আবার কোনও মেয়ের উপরে অত্যাচার হল। তার জন্য আমাদের লজ্জা হয়। তবে এখন আর লজ্জা করার জায়গা নেই। লজ্জা ভেঙে আরও বেশি করে ঘরের মেয়েদের এগিয়ে দিতে হবে। তারা যেন আরও বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। তবে সকলে এগোচ্ছে না। এখনও অনেকেই পিছিয়েই রয়েছেন। তবে একটাই আশার কথা, মেয়েদের স্কুলে বাড়ছে ছাত্রীর সংখ্যা।’ তিনি এও বলেন, ‘কিছু কিছু খারাপ লোক আছে যারা সমাজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা চাই তাদেরকে সতর্ক করতে।’ পুলিশ-প্রশাসনকে আরও সতর্ক হওয়ার বার্তাও দেন মন্ত্রী।

রাজ্যের মন্ত্রীর মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর চাপানউতোর। এক্স হ্যান্ডেলে এই বক্তব্য উল্লেখ করে পোস্ট করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দিব্যেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট বলে খোঁচা দেন দিব্যেন্দু। তিনি দাবি করেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে খোদ মৎস্যমন্ত্রী ‘সত্য প্রকাশ করে ফেলেছেন।’ পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে মৎস্যমন্ত্রী বলেন, ‘মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রচুর ব্যবস্থা করেছে। আরও চেষ্টা করছে। সব সমাজেই কিছু বদমায়েশ লোকজন থাকে। ব্যক্তিস্বাধীনতা আছে যখন, এই ধরনের কাণ্ডকারখানা হবেই। কিন্তু আমরা কেউ এগুলো সহ্য করছি না। মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে।’ অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘পশ্চিমবঙ্গ মেয়েদের বধ্যভূমিতে পরিণত হয়েছে গত ১৪-১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। তারমধ্যে মন্ত্রী মুখ ফস্কে সত্যি কথা বলে ফেলেছেন। পরে হয়তো দলে কানমলা খেয়েছেন। তাই আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *