নিয়োগ পরীক্ষার দুর্নীতি নিয়ে কেন্দ্রকে সতর্কবার্তা রামদেবের

Spread the love

Baba Ramdev: দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, শিক্ষাব্যবস্থায় পরিকাঠামোর অভাব এবং সরকারি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের সকালে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে জাতীয় পতাকা উত্তোলনের পর দেশের যুবসমাজের ক্রমবর্ধমান ক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করলেন তিনি।

বাবা রামদেব বলেন, ভারতের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ সাহসী নারী-পুরুষ আত্মবলিদান দিয়েছেন। এখন দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক, আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত করা। দেশে ইতিবাচক কাজ হলে তার প্রশংসা করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রামদেব বলেন, জেন-জি প্রজন্মের অনেকেই ভালো কাজ করছেন, যদিও কিছু ক্ষেত্রে তরুণদের হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ার ঘটনাও দেখা যাচ্ছে। তরুণ ও প্রবীণ প্রজন্মকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

গ্রামাঞ্চলের বহু পড়ুয়ার শিক্ষক, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রামদেব। তিনি বলেন, ‘সারাদেশে সর্বত্র বিশৃঙ্খলা। পড়ুয়ারা অভিযোগ করছে যে তাদের স্কুলে কোনও শিক্ষক নেই। বিদ্যুৎ, জল ও শৌচাগারের মতো মৌলিক সুযোগ-সুবিধা নেই। কিছু জায়গায় ব্যাপক হারে নকল চলছে, আবার অন্য জায়গায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সরকারি চাকরির ইন্টারভিউতে দুর্নীতির হার ৯৯ শতাংশ পর্যন্ত। জাতি ও ধর্মের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে। এটি অত্যন্ত আপত্তিকর এবং সংবিধানের পরিপন্থী।’ সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, জাতপাত ও মতাদর্শের ভিত্তিতে বাছাইয়ের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, এ ধরনের ঘটনা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। ‘সত্যমেব জয়তে’-র কথা বলা হলেও বাস্তবে বড় অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। রামদেব বলেন, প্রতিবাদের নামে অরাজকতাকে তিনি সমর্থন করেন না। তবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের দ্রুত সমাধান না হলে মানুষের প্রতিবাদ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *