পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা

Spread the love

মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। এসময় রাশিয়ার প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাশিয়া ভ্রমণ করেন লারিজানি, যিনি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে ইরানকে এই বার্তা দিতে বলেছে যে তারা তেহরানের সাথে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায়। তিনি বৃহস্পতিবার দুশানবেতে মধ্য এশিয়া-রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, 

আমরা ইসরাইলের সাথে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরাইলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ পেয়েছি যে, ইসরাইল সমস্যা সমাধানে আগ্রহী এবং দৃঢ়প্রতিজ্ঞ। তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়।

গত ১৩ জুন দখলদার বাহিনী বিনা উসকানিতে আগ্রাসন শুরু করার পর ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, যা গড়ায় ১২ দিনের যুদ্ধে।

সেসময় ইরানের শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীসহ বহু বেসামরিক নাগরিক ইসরাইলি হামলায় প্রাণ হারান। এরপর যুক্তরাষ্ট্রও হস্তক্ষেপ করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

পরে, ইসরাইলি ও মার্কিন উভয় অবস্থান লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে ইসরাইল তার আগ্রাসন বন্ধ করে একতরফা যুদ্ধবিরতিতে প্রবেশ করতে বাধ্য হয়। ২৪ জুন অবসান হয় সংঘাতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *