সদ্য চিনের সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এদিকে, একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, চিনের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে পারে ঢাকা, সেই বিষয়ে তারেকের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়াও তিস্তা প্রকল্প নিয়ে তারেকের সফরে আলোচনা হতে পারে বলেও রিপোর্ট উঠে আসছে। এই দুই বিষয়ই ভারতের স্ট্র্যাটেজিক ক্ষেত্রের দিক থেকে বেশ প্রাসঙ্গিক, বলে মনে করছেন অনেকে। এদিকে, কিছুদিন আগে, দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সফর নিয়ে ভারতের বক্তব্যের পর বাংলাদেশ খুলল মুখ।
কিছুদিন আগে, দিল্লি বিমানবন্দরে আসেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান। এর কিছুক্ষণ পরই তিনি দিল্লি বিমানবন্দর থেকে ফিরে যান। ঘটনা নিয়ে সদ্য মুখ খোলে ভারত। সেদিন কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে? তা জানাতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল মঙ্গলবার বলেন,’ তাঁকে (জাহেদ) জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ আধিকারিকদের কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন নিশ্চিত হয়ে পরবর্তীতে তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।’ ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের মন্ত্রক সাফ বলেছে, ‘যদিও তিনি (জাহেদ) স্বেচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’ এদিকে, দিল্লির এই বক্তব্যের পরই মুখ খুলেছে বাংলাদেশ। ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার তরফে বলা হয়েছে, ‘ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনার বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের ব্যাখ্যা সন্তোষজনক নয়।’ ঢাকা বলছে, ‘জাহেদ উর রহমান যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা) এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করবেন– তা কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক।’
এদিকে, ইকোনমিক টাইমসের খবর অনুসারে, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ জুলাইয়ে ভারত থেকে বাংলাদেশের রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার পতনের পর এই প্রথম আগামী মাসেই এই কোচগুলি সেখানে পৌঁছতে চলেছে বলে খবর। এর আগে, ভারত থেকে ৯১৫ কোটি টাকায় ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। সেই চুক্তির ভিত্তিতেই এই কোচগুলি বাংলাদেশে যাচ্ছে। জানা যাচ্ছে, ২০২৪ সালে এক নিলামের মাধ্যমে ভারতে এই কোচ তৈরি করে তা বাংলাদেশে রপ্তানির বরাত আসে। ২০২৪ সালে অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে একাধিক অধ্যায় উঠে আসে। সেই পর্বের পর এবার বাংলাদেশের তারেক সরকারের জমানায় এই কোচ রপ্তানি চালু হতে চলেছে বলে খবর।
