দাদাগিরি, মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঞ্চালনায় দাদাগিরি একটা সময় সকলের মনে জায়গা করে নিয়েছিল। যদিও মাঝে একবার মিঠুন চক্রবর্তীকে সঞ্চালকের আসনে বসানো হয়েছিল কিন্তু সেটা দর্শকদের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু এবার দাদার জুতায় পা গলাতে চলেছেন দেব। শুরু হতে চলেছে নতুন ‘দাদাগিরি’।
ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে জানানো হয়েছে, কিছু সময়ের মধ্যেই সম্প্রচারিত ভাবে দাদাগিরি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন। তবে এই নতুন দাদাগিরি সঞ্চালনা করবেন দেব, অর্থাৎ দীর্ঘদিনের সেই পরিচিত মুখ এবার বদলে যেতে চলেছে। এত বছরের একটি অভ্যাস যখন বদলে যায় তখন খুব স্বাভাবিকভাবেই দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা চিন্তা তো থেকেই যায়।
সেই চিন্তার ভাঁজ যে দেবের কপালে স্পষ্ট, সেটা বোঝা গেল অভিনেতার পোস্ট করা একটি ছবির ক্যাপশন থেকে। সোশ্যাল মিডিয়ায় দেব একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে একটি ঘরে বসে থাকতে দেখা যাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে কিছুটা চিন্তিত তিনি। ক্যাপশনে রয়েছে বাকি কথা।ছবিটি পোস্ট করে দেবে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি আর অনেকটা এক্সাইটমেন্ট। নতুন যাত্রার শুরু।’ যদিও এর আগে মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামেও একটি ছবি পোস্ট করেছিলেন দেব যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারিতে রয়েছে একটি মুখ, নিচে লেখা খুব শীঘ্রই আছে। সঙ্গে জি বাংলাকে ট্যাগ করে দেওয়া হয়েছিল।পরপর এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে দেব ‘দাদাগিরি’ নিয়ে ভীষণ উত্তেজিত। এতদিন শুধুমাত্র প্রতিযোগী হয়ে তিনি দাদাগিরিতে এসেছেন এবার আসতে চলেছেন সঞ্চালক হয়ে। দেবকে এই নতুন অবতারে দেখার জন্য একদিকে যেমন কিছু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আবার কিছু মানুষ সৌরভের জায়গায় দেব যে কথাটা মানাবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায় না থাকলেও কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বাংলার বিগ বস, যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে সৌরভকে। তবে শুধু দাদাগিরির ক্ষেত্রে সঞ্চালনায় পরিবর্তন আছে তা নয়, জি বাংলার রান্নাঘর এবং দিদি নাম্বার ওয়ান এই দুক্ষেত্রেও সঞ্চালনাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আগামী দিনে এই পরিবর্তন কতটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই এখন দেখার।