উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকায় শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এলাকার পরিচিত চিকিৎসক গৌতম ঢালী এবং তাঁর পুরো পরিবারের সদস্যদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় থাকা সত্ত্বেও ভারতের ভোটার তালিকায়ও নথিভুক্ত রয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি প্রথমে খোঁজ নেওয়া হয় স্থানীয় ভোটারদের কাছে। গৌতম ঢালীর বাবা তারকনাথ ঢালীর নামও একই সময়ে উঠে আসে। তিনি পশ্চিমবঙ্গে বসবাসকারী হলেও বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় তাঁর নাম থাকার তথ্য প্রকাশ্যে আসে। এ নিয়ে নাগরিকত্ব এবং ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারকনাথ ঢালী প্রায় দশ বছর আগে বাংলাদেশ থেকে বাংলায় আসেন এবং উত্তর ২৪ পরগনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গোবরডাঙার থানার বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার। তবে তাঁর দাবি, তিনি বহু বছর বাংলাদেশ ফেরেননি। এলাকায় তাঁর পরিবার দীর্ঘদিনের পরিচিত। স্থানীয়রা জানাচ্ছেন, শুধু তারকনাথ নয়, তাঁর কয়েকজন আত্মীয়ও সম্প্রতি বাংলাদেশ থেকে এ দেশে এসে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন। এই কয়েকজনের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিতেও যুক্ত। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ জানান, তিনি এ ঘটনার বিষয়ে আগে অবগত ছিলেন না এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তিনি নিশ্চিত করেছেন, প্রশাসনের কাছে অবিলম্বে এ তথ্য জানানো হবে। খবর পেয়ে, দুপুরের দিকে গোবরডাঙা থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছায়। পুলিশ সেখানে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে।

এ ঘটনায় গোবরডাঙা এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দেয়। গোবরডাঙা থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পরিবারের নথি পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে।