বড়দিনের প্রাক্কালে বিজেপি থেকে তৃণমূলে দলবদল করার খবর দিয়ে সকলকে রীতিমত চমকে দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। বিজেপিতে যোগদান করে তিনি ভুল করেছিলেন এবং সেই ভুল সংশোধন করার জন্যই তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তিনি, এই উক্তির সাথে সাথেই তৃণমূলের পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা যায় অভিনেত্রীকে।
এবার পার্নো মিত্রর এই দলবদল নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। পার্নোর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার বিষয়ে প্রশ্ন করলে রুদ্রনীল বলেন, ‘কে বলল ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে? এটা একেবারেই ভুল খবর। ও বিজেপি থেকে মোটেই তৃণমূলে যোগ দেয়নি বরং ও বাড়িতে বসেছিল, ওর মনে হয়েছে তৃণমূলে যোগ দেওয়া উচিত তাই যোগ দিয়েছে।’
বিতর্কিত নামের একটি পেজ থেকে শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে অভিনেতা বলেন, ‘ও ২০২১ সালে যখন ভোটে হেরে যায় তারপর থেকে ওর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়। ও তারপর থেকে বাড়িতেই বসেছিল। আপনি ওকে দেখবেন না কোনও রাজনৈতিক দল নিয়ে কোন প্রশ্ন করতে বা মিছিলে হাঁটতে। রাজনীতি নিয়ে ওর তেমন জ্ঞান নেই।’রুদ্রনীল আরও বলেন, ‘ও ভীষণ সহজ সরল একজন মেয়ে। ওকে তৃণমূলে নিয়ে আসায় বিজেপির তো কোন ক্ষতি হলই না বরং তৃণমূলেরও কিছুই লাভ হল না। রাজনীতি নিয়ে ও কিছুই বোঝে না তাই ওকে দিয়ে কোনও লাভ হবে না শাসকদলের। তবে আমি সেই মানুষটাকে খুঁজজি যে ওকে ভুল বুঝিয়ে দলে যোগ দিতে বাধ্য করল।’
সবশেষে অভিনেতা বলেন, ‘তবে কে কোন দলে যোগ দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওর মনে হয়েছে ওর যোগ দেওয়া উচিত ও যোগ দিয়েছে। ও ভীষণ ভালো একজন অভিনেত্রী নিজের কাজ নিয়েই থাকে। ও যদি তৃণমূলের সমস্ত ঘটনা জানতে তাহলে কখনওই কাজ করত না বলেই আমি মনে করি।’

প্রসঙ্গত, ২০২১ সালে রুদ্রনীল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করেছিলেন। এখন তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী। অন্যদিকে ২০২১ সালে বিজেপির হয়ে লড়াই করেছিলেন পার্নো কিন্তু হেরে যাওয়ার পর সেভাবে আর সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি তাঁকে।