বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আচমকা আগুন

Spread the love

বিজয়া দশমীর আনন্দঘন সন্ধ্যায় হঠাৎই তীব্র আতঙ্কের সৃষ্টি হলো নিউ টাউনে। নিউ টাউনের অন্যতম প্রধান আকর্ষণ বিশ্ব বাংলা গেটের ওপর অবস্থিত ঝুলন্ত রেস্তোরাঁটিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। মহাসপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগান পুজো মণ্ডপে পদপৃষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শহরবাসীর মনে আতঙ্কের রেশ এখনও জারি, এর মাঝেই দুর্গাপুজোর শেষলগ্নেও ফের দুর্ঘটনা।

সূত্রের খবর, সন্ধ্যার দিকে ঝুলন্ত রেস্তোরাঁ থেকে আচমকা আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষেরা। রেস্তোরাঁটি ব্যস্ত রাস্তার ওপর ঝুলন্ত অবস্থায় থাকায় উপর থেকে আগুনের ফুলকি নিচে পড়তে শুরু করে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে বিশ্ব বাংলা গেটের চারপাশের রাস্তায় সঙ্গে সঙ্গে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের সময়ে রেস্তোরাঁর ভেতরে থাকা সকল অতিথি ও কর্মীদের দ্রুত ও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

আগুন নিয়ন্ত্রণে দমকল: খবর পেয়েই হাইড্রোলিক ল্যাডার ও দমকলের ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।পুজোর শেষ দিনে জনবহুল এলাকায় এই দুর্ঘটনাসূচক অগ্নিকাণ্ডের ফলে সাময়িকভাবে পথচারী ও দর্শনার্থীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *