ভাইস ক্যাপ্টেন গিল বাদ টি২০ বিশ্বকাপের দল থেকে! ঢুকলেন ইশান

Spread the love

টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে ঝটকা দিল বিসিসিআই। ভাইস ক্যাপ্টেন শুভমন গিলকে বাদ দেওয়া হল দল থেকে। সাম্প্রতিক সময় টি২০-তে গিলের ফর্ম ছিল না। এই পরিস্থিতিতে চোটের কথা বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলানো হয় সঞ্জু স্যামসনকে। এবং গিল এই সিরিজে তিন ম্যাচে যত না রান করেছেন, ১৬০-এর বেশি স্ট্রাইকরেটে তার থেকে বেশি রান করে দেন সঞ্জু। আর আজ শুভমনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল। এর আগে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপেও দলে ছিলেন না শুভমন গিল। এদিকে বহুদিন পর জাতীয় দলে ফিরলেন ইশান কিষাণ। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে ১০ ম্যাচে ৫১৭ রান করেন ইশান। ফাইনালে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।

গিলকে বাদ দেওয়ার ক্ষেত্রে মুখ্য নির্বাচন অগরকরের বক্তব্য, ‘শুভমন গিল দলের সহঅধিনায়ক ছিলেন। তবে এখন তিনি দলে নেই। এর আগে টি২০-তে সহঅধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। তাই কম্বিনেশনের জায়গায় থেকে আপনি চান, ব্যাটিং অর্ডারে ওপরের দিকেও একজন উইকেটরক্ষক ব্যাটার থাকুক দলে। এখন আমাদের কাছে দু’জন উইকেটরক্ষক আছেন যারা ওপরে খেলতে পারেন। এটা পুরোপুরি কম্বিনেশনের বিষয় ছিল। এদিকে মিডল অর্ডারে আসছেন রিঙ্কু সিং।’

ভারতের টি২০ বিশ্বকাপের দল – সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

এদিকে অগরকর বলেন, ‘দলে সবার জায়গা হয় না। কোনও না কোনও ভালো ক্রিকেটার বাদ পড়বেন। সৌভাগ্যবশত ভারতে আমাদের কাছে সেই বিকল্প আছে।’ এদিকে অধিনায়র স্কাই বলেন, ‘যেকোনও দলীয় খেলায় ২-৩ জন খেলোয়াড় কম্বিনেশনের জন্য দলে ঢুকবেন বা বের হবেন। যখন খেলোয়াড়রা ফিরে আসেন, তাদের সেই সুযোগ দেওয়া হয়। আমাদের দল নিয়ে আমরা এখন খুশি আছি। আমাদের ২-৩টে কম্বিনেশন তৈরি আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *