Bangladesh Tension। লাল কালিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট এল বাংলাদেশের জামায়েত সদস্যের বাড়িতে

Spread the love

ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে আসতেই একের পর এক অশান্তির ছবি গোটা বাংলাদেশ জুড়ে দেখা যায়। অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও এক যুবককে পিটিয়ে মারধর করে তাঁর মৃতদেহে অগ্নিসংযোগের নারকীয় ঘটনা দেখে ইউনুস আমলের বাংলাদেশ। এরই মাঝে আজ বাংলাদেশের লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক জামায়েত সদস্যের বাড়িতে আসা চিরকুট নিয়ে তুঙ্গে চাঞ্চল্য।

গোটা বাংলাদেশ যখন আজ শনিবার ওসমান হাদির শেষযাত্রায় শোক প্রকাশ করছে, তখন সেদেশের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনার খবর। শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসায় হত‍্যার হুমকি দিয়ে কেউ চিরকুট রেখে গিয়েছে বলে জানা গিয়েছে। কারা এমন রহস্যময় চিরকুটের নেপথ্যে? এই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, আতঙ্কিত হয়ে এই ঘটনার অভিযোগ জানাতে শাহ আলম পৌঁছন থানায়। দায়ের হয় জিডি। জানা গিয়েছে, বাড়ির ব্যালকনিতে শুক্রবার সন্ধ্যার দিকে এই হুমকি দেওয়া চিরকুট দেখতে পান শাহ আলমের স্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশে কিছুদিন আগেই ঢাকায় প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। এরপর কিছুদিন চিকিৎসায় থাকার পর তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর পর থেকেই অশান্তি চরমে ওঠে বাংলাদেশে। সেই আবহে শাহ আলমের বাড়িতে আসা এই চিরকুট ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিকে, আরও এক নৃশংস ঘটনায় বাংলাদেশের লক্ষ্মীপুরে ছড়িয়েছে চাঞ্চল্য। সেখানে এক বিএনপি নেতার ঘর বন্ধ করে, তালা দিয়ে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হন। তবে ঘরে থাকা বিএনপি নেতার ছোট্ট কন্যা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বোলাল হোসেন ও তাঁর দুই মেয়ে। মৃত্যু হয়েছে বোলাল হোসেনের ৭ বছরের ছোট্ট মেয়ে আয়েষার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *