ভারত সীমান্তে ২৫০টি চিনা হাউইৎজার মোতায়েন পাকিস্তানের! কী পরিকল্পনা ইসলামাবাদের?

Spread the love

পাকিস্তান ফের সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর পথে হাঁটছে। ভারত সীমান্তে এবার তারা মোতায়েন করেছে ২৫০টি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেলড হাউইৎজার। এই কামান চিনে তৈরি। প্রতিরক্ষা সূত্রের খবর, ভারতের সঙ্গে লাগোয়া পূর্ব সীমান্তের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ধাপে ধাপে এই ১৫৫ মিমি আর্টিলারি সিস্টেম মোতায়েন করা হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন সেক্টরে এই মোতায়েন চলছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের এই পদক্ষেপকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই তাদের সেনাবাহিনীকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করছে। ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর সেই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। ওই অভিযানে ভারত নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পাকিস্তানের ভিতরে থাকা জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায়। ভারতীয় বাহিনীর অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়েছিল বলেও দাবি করা হয়। এরপর থেকেই পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের হাতে আসা এসএইচ-১৫ হাউইৎজারটি তৈরি করেছে চিনের সরকারি প্রতিরক্ষা সংস্থা নরিনকো। এটি চিনা সেনাবাহিনীর ব্যবহৃত পিসিএল-১৮১ হুইলড সেলফ-প্রোপেলড হাউইৎজারের রফতানিযোগ্য সংস্করণ। ছয় চাকার সাঁজোয়া শানসি ট্রাকের উপর এই কামানটি বসানো হয়েছে। ফলে এটি খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত করা সম্ভব।

এই কামানের আরেকটি বড় সুবিধা হল এর গতি। এটি ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে চলতে পারে। শুধু পাকা রাস্তা নয়, কঠিন ও দুর্গম এলাকাতেও দ্রুত মোতায়েন করা সম্ভব। তাই যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে এই অস্ত্রকে কার্যকর বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *