সিডনির বন্ডাই বিচে রবিবার ভয়াবহ গুলিচালনা কাণ্ডে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্য হয়েছে। ইহুদি অনুষ্ঠান হানুকা উদযাপনের সময়ই সেখানে এই গুলি চালনার ঘটনার পর থেকে গোটা অস্ট্রেলিয়া শোকাহত। ক্ষোভে ফুঁসছে ইজরায়েল। এদিকে, যারা গুলি চালিয়েছে, তাদের মধ্যে একজন ২৪ বছর বয়সী নাভেদ আক্রম ধৃত। অপরজন নাভেদের বাবা সাজিদ গুলিতে নিহত হয়েছে। এদিকে, জোরকদমে চলছে তদন্ত। বেশ কিছু রিপোর্ট বলছে, এই নাভিদ ও সাজিদ পাকিস্তানি বংশোদ্ভুত।
এদিকে, ছেলে নাভিদের এই নারকীয় হত্যালীলা চালানোর ঘটনার পর মা ভেরেনা মুখ খুলেছেন। নাভিদের মা ভেরেনা ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে বলেন যে রবিবার গণহত্যার কয়েক ঘন্টা আগে তাঁর ছেলে পরিবারের সাথে শেষ যোগাযোগ করেছিল। ভেরেনা বলছেন তাঁর ছেলে ‘ভালো ছেলে।’ এদিকে বহু রিপোর্ট দাবি করছে, নাভিদ ও সাজিদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস-র পতাকা। ভেরেনা বলেন,’ সে
(রবিবার) আমাকে ফোন করে বলল, ‘মা, আমি সাঁতার কাটতে গিয়েছিলাম। স্কুবা ডাইভিংয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছি… এখন খেতে, আর আমরা এখন বাড়িতে থাকব কারণ খুব গরম।’ এরপরই সিডনির বন্ডাই বিচে ওই নারকীয় ঘটনা ঘটে যায়। নাভিদ আক্রামের মা জোর দিয়ে বলেন যে তিনি বিশ্বাস করেন না যে তাঁর ছেলে সহিংসতা বা চরমপন্থী কার্যকলাপে জড়িত থাকতে পারে।
নাভিদের মা ভেরেনা বলছেন,’তার (নাভিদের) কাছে আগ্নেয়াস্ত্র নেই। সে বাইরেও যায় না। বন্ধুদের সাথে মেশে না। সে মদ্যপান করে না, ধূমপান করে না, খারাপ জায়গায় যায় না… সে কাজে যায়, বাড়ি ফিরে আসে, ব্যায়াম করতে যায়, আর এইটুকুই। যে কেউ আমার ছেলের মতো ছেলে পেতে চাইবে… সে একজন ভালো ছেলে।’ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস জানিয়েছে, ২৪ বছর বয়সী ওই হামলাকারী একজন পাকিস্তানি নাগরিক। সিবিএস নিউজ আরও জানিয়েছে যে, তারা নিউ সাউথ ওয়েলস-এর তার ড্রাইভিং লাইসেন্সও পর্যালোচনা করেছে।
