মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিনের হাতে পৌঁছচ্ছে এনভিডিয়ার AI চিপ?

Spread the love

চিনের হাতে আমেরিকার অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি পৌঁছনো আটকাতে একাধিক কঠোর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন। বিশেষ করে উন্নতমানের সেমিকন্ডাক্টর চিপ রপ্তানির ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। কিন্তু সেই নিষেধাজ্ঞা এড়িয়েই কি তৃতীয় দেশের মাধ্যমে চিনের কাছে পৌঁছে যাচ্ছে মার্কিন প্রযুক্তি? এবার এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল CBS News-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, আমেরিকায় অবস্থিত অন্তত দুটি সংস্থার কাছে অত্যাধুনিক AI চিপ বিক্রি করছে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া (Nvidia)। অথচ ওই সংস্থাগুলির নিয়ন্ত্রণ রয়েছে চিনা মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে। শুধু তাই নয়, পরবর্তীকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন সংস্থার কাছে সেই চিপ বিক্রি কিংবা ভাড়া দেওয়া হচ্ছে। এর ফলে মার্কিন প্রযুক্তি ঘুরপথে চিনের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর প্রকাশিত CBS News-এর ওই প্রতিবেদনে ক্যালিফোর্নিয়ার দুটি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। সংস্থা দুটি হল RiCloud AI এবং Aivres। কয়েক ডজন কর্পোরেট নথি, আদালতের কাগজপত্র এবং সংস্থাগুলির মালিকানা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই তদন্ত চালিয়েছে সংবাদমাধ্যমটি। তাদের এই অনুসন্ধানে সহযোগিতা করেছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা C4ADS।

চিনা সংস্থার নিয়ন্ত্রণে RiCloud AI!

প্রতিবেদনে প্রথমেই উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অবস্থিত RiCloud AI-এর নাম। সংস্থাটি এনভিডিয়ার অন্যতম ‘প্রেফার্ড পার্টনার’। অর্থাৎ, অত্যাধুনিক AI চিপ কেনা, সফটওয়্যার ব্যবহার এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে বিশেষ সুযোগসুবিধা পায় তারা। কিন্তু CBS News-এর তদন্তে দাবি করা হয়েছে, RiCloud AI-এর মূল সংস্থা Yuxing InfoTech Investment Holdings-এর সদর দপ্তর চিনের শেনঝেনে। এমনকী হংকংয়ের শেয়ার বাজারেও তালিকাভুক্ত রয়েছে এই সংস্থা।

আরও একটি বিষয় সামনে এসেছে। Yuxing-এর প্রধান কং ইউ (Cong Yu) চিনের পিপলস লিবারেশন আর্মির অধীনস্থ একটি কমান্ড কলেজ থেকে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও RiCloud AI কিংবা Yuxing-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও বেআইনি কাজের অভিযোগ আনেনি মার্কিন সরকার।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে এনভিডিয়ার অংশীদার হয় RiCloud AI। পরবর্তীকালে সংস্থাটিকে ‘প্রেফার্ড ক্লাউড পার্টনার’-এর মর্যাদাও দেওয়া হয়।

নাম বদলে Aivres, রয়েছে এনভিডিয়ার বিশেষ স্বীকৃতি

তদন্তে উঠে আসা দ্বিতীয় সংস্থাটি হল Aivres। আগে এই সংস্থার নাম ছিল Inspur। চিনের Inspur Group-এর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ২০২৩ সালের মার্চ মাসে ওই গোষ্ঠীর একাধিক সংস্থাকে আমেরিকার নিরাপত্তা ঝুঁকির তালিকাভুক্ত করা হয়েছিল। এরপর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সংস্থাটি নিজেদের নাম পরিবর্তন করে Aivres রাখে। বর্তমানে এনভিডিয়ার ওয়েবসাইটে সংস্থাটিকে ‘এলিট কম্পিউট পার্টনার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে Aivres নিজে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নেই।

CBS News-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তত ৫৬০ কোটি ডলারের অত্যাধুনিক প্রযুক্তি রপ্তানি করেছে Aivres। এর মধ্যে প্রায় ৩০০ কোটি ডলারের কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল এনভিডিয়ার ব্ল্যাকওয়েল (Blackwell) চিপ। উল্লেখ্য, চিনে এই চিপ রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের বাণিজ্যিক নথি বিশ্লেষণেও এই সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে CBS-এর প্রতিবেদনে জানানো হয়েছে। মালয়েশিয়ার Megaspeed এবং Aolani-র মতো সংস্থার কাছে ওই সার্ভার পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, এই সংস্থাগুলি চিনের দুই প্রযুক্তি সংস্থা Alibaba এবং ByteDance-কে ক্লাউডভিত্তিক AI পরিষেবা দিয়ে থাকে। ফলে তৃতীয় দেশের মাধ্যমে চিনা সংস্থাগুলির কাছে মার্কিন প্রযুক্তি পৌঁছে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এনভিডিয়াকে জবাবদিহির দাবি মার্কিন আইনপ্রণেতাদের

এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর আমেরিকার আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেনের বক্তব্য, দেশের রপ্তানি নীতি মেনে চলার বিষয়ে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং সংস্থার পরিচালন পর্ষদকে কংগ্রেসের কাছে জবাবদিহি করতে হবে। তাঁর মতে, অত্যাধুনিক প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা যায় না।

অন্যদিকে, C4ADS-এর বিশ্লেষক মিশেল কন্ডির মতে, আন্তর্জাতিক ব্যবসার জটিল মালিকানা কাঠামোর কারণে কোনও প্রযুক্তির প্রকৃত গন্তব্য নির্ধারণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এক দেশের সংস্থার কাছে পণ্য বিক্রি হলেও পরবর্তী সময়ে সেটি অন্য দেশের প্রতিষ্ঠানের হাতে পৌঁছে যেতে পারে। ফলে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমেরিকার প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতে চিনের কাছে উন্নত AI চিপ বিক্রির উপর একাধিক বিধিনিষেধ রয়েছে। কিন্তু তৃতীয় দেশের সংস্থা, জটিল মালিকানা কাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন পথ ব্যবহার করে সেই নিষেধাজ্ঞা এড়ানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে। যদিও CBS News-এর প্রতিবেদনে নাম থাকা সংস্থাগুলির বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তবে এই তদন্তের জেরে এনভিডিয়ার চিপ বিক্রি, ব্যবসায়িক অংশীদার নির্বাচন এবং মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ নীতি নিয়ে ওয়াশিংটনের চাপ যে আরও বাড়তে পারে, তা স্পষ্ট।

Leave a Reply