প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীকে ট্রাম্প দক্ষ দর-কষাকষিকারী’ এবং ‘কিলারের মতো কঠিন’ নেতা হিসেবে আখ্যায়িত করেন।বুধবার (১৭ জুন) দুই নেতার বৈঠকের সময় ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত দক্ষ আলোচক। এই মানুষটিকে দেখুন। তিনি দেখতে সবচেয়ে সুন্দর, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি একজন কিলারের মতো কঠিন। এমন মানুষ খুব কমই দেখা যায়। তিনি তার ব্যক্তিত্ব দিয়ে মানুষকে অবাক করে দেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধু পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (মোদি) প্রতি অসাধারণ সম্মান পোষণ করে।’
মোদিকে ‘ভদ্র কিন্তু কঠোর’ নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অনেকে বলেন তিনি খুবই ভালো মানুষ। আমি বলি, তিনি অত্যন্ত কঠিন। তিনি একজন দক্ষ দর-কষাকষিকারী। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। আমরা হিউস্টনে ‘হাউডি মোদি’ আয়োজন করেছিলাম, পুরো স্টেডিয়াম ভর্তি ছিল। ভবিষ্যতে আমরা আবারও ভারত সফরে যাব।’
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে অত্যন্ত শক্তিশালী। তিনি দাবি করেন, মোদির নেতৃত্বে ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র তার পাশে দাঁড়াবে।
ট্রাম্প বলেন, ‘দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। যদি ভারতের ওপর কোনো হামলা হয়, আমরা সাহায্য করতে সেখানে থাকব। কেউ যদি ওই মানুষটির (মোদি) বিরুদ্ধে যায়, আমরা তার পাশে থাকব।’
পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বিভিন্ন ইস্যুতে ভারতের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত প্রায় সব ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে। যতদিন নরেন্দ্র মোদি নেতা থাকবেন, ভারত বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
