লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পর থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বয়ান, প্রযোজনা সংস্থার দায়সারা মনোভাব ভীষণ ক্ষুব্ধ করে গোটা টলিউডকে। রাহুলের মৃত্যুর বিচারের দাবিতে গত শনিবার পথে নেমেছিলেন টলিউডের অভিনেতা থেকে টেকনিশিয়ান সকলেই। এরপরেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে।
মঙ্গলবার অর্থাৎ ৭ টেকনিশিয়ান স্টুডিওয় একত্রিত হয়েছিলেন টলিউডের শিল্পী এবং টেকনিশিয়ানরা। সেখানেই নেওয়া হল একটা বড় সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কোনও কাজ করবেন না কোনও টেকনিশিয়ান বা শিল্পী কেউই। শুধু তাই নয়, বুধবার থেকে উঠবে কর্মবিরতি।
খুব সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’, তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শ্যুটিং। আপাতত সেটাও বন্ধ থাকবে। তবে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেক্ষেত্রে ধারাবাহিকের ভবিষ্যৎ কী হবে, সেটা অনিশ্চিত। তবে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ধারাবাহিকে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।
টেকনিশিয়ান স্টুডিওয়ে বৈঠক শেষে রঞ্জিত মল্লিক বলেন, ‘সত্যিটা জানতে হবে। সেদিন কী ঘটেছিল।’ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, ‘ওই প্রোডাকশন, ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সঙ্গে যুক্ত তাদের কারও সঙ্গে কোনও কাজ এই মুহূর্ত থেকে আমরা করব না, যতক্ষণ না পাবলিকলি অথবা কোর্ট থেকে আমরা জানতে পারছি যে রাহুল কী করে আমাদের ছেড়ে চলে গেল। তবে কাল থেকে আমরা কাজ শুরু করছি। আর কর্মবিরতি নেই।’

তবে বৈঠকে এও বলা হয়, তদন্ত চলাকালীন আপাতত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে যদি প্রযোজনা সংস্থা নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে, তাহলে আবার তাদের সঙ্গে কাজ করা হবে।এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। এই একই সিদ্ধান্ত সে ক্ষেত্রেও লাগু হবে বলে জানানো হয়েছে। যতক্ষণ না প্রশাসন রায় দিচ্ছে, যতক্ষণ না গোটা ঘটনার একটি ইতিবাচক সমাপ্তি ঘটছে, ততক্ষণ এই সিদ্ধান্তে অনড় থাকবেন সকলে।