যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালালো ইসরাইল

Spread the love

 গাজায় ইসরাইলি সেনাবাহিনী ফের হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। তবে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর ফলে মার্কিন মধ্যস্থতায় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মধ্য দিয়ে উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা ম্লান হয়ে গেছে। কারণ ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পাল্টাপাল্ট হামলার দোষারোপ করেছে।

রোববার একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেছেন, হামাস গাজার অভ্যন্তরে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে রকেট চালিত গ্রেনেড হামলা এবং ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে স্নাইপার আক্রমণ।

আক্রমণগুলো ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে এবং এটি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেন ওই কর্মকর্তা।


এদিকে, হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জত আল রিশেক রোববার বলেন, ফিলিস্তিনি গোষ্ঠী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি ইসরাইলের বিরুদ্ধে বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন।

তবে আল রিশেক বা ইসরাইলি সামরিক কর্মকর্তা কেউই গাজায় ইসরাইলি হামলার খবর উল্লেখ করেননি।


অন্যদিকে, শনিবার গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইল ৪৭টি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।


১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর রোববার ইসরাইলি হামলার প্রভাব তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে।


ইসরাইলি সরকার এবং হামাস কয়েকদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

এছাড়া ইসরাইল জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

২০২৪ সালের মে মাস থেকে রাফাহ মূলত বন্ধ রয়েছে। আইপিসি গ্লোবাল হাঙ্গার মনিটর অনুসারে, যুদ্ধবিরতি চুক্তিতে উপত্যকায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করাও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে আগস্টে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *