এ যাবতকালের অন্যতম চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না এই মেগা সিরিয়ালের। পর্দায় চেয়ে বেশি নাটক তো ঘিরে রয়েছে বাস্তবে। নায়ক-নায়িকার ঝামেলার জেরে বিদায় নিয়েছেন নায়িকা দিতিপ্রিয়া। সে জায়গায় নতুন অপর্ণা হিসাবে দর্শক দেখছে শিরিন পালকে। ঝারগ্রামের এই মেয়েকে নতুন অপর্ণা হিসাবে দেখে দু-ভাগে বিভক্ত দর্শক। অনেকেই পুরোনো অপর্ণা দিতিপ্রিয়া রায়কে মিস করছেন, অনেকে আবার আর্য-অপর্ণার রোম্যান্স দেখেই খুশি।
এর মাঝেই আরেক কাণ্ড ঘটল। সম্প্রতি এক অ্য়াওয়ার্ড সেরেমানির মঞ্চে দর্শকদের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হন জীতু কমল। টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড রবিবার সন্ধ্যায় হাতে ওঠে জীতুর। কিন্তু অ্যাওয়ার্ড হাতে নিয়ে জীতু যা বললেন তা দেখে অনেকেই বলছেন ‘বাড়াবাড়ি’, কেউ বলছেন ‘ন্যাকামি’। এদিন জীতু নিজের পুরস্কারটি নবাগতা নায়িকা শিরিন পালের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, তাঁর ‘যুদ্ধের সঙ্গী’ শিরিন এই অ্যাওয়ার্ডের যোগ্য দাবিদার।
পপ্য়ুলার চয়েজ ক্যাটেগরি-র পুরস্কার হাতে নিয়ে অভিনেতা বলেন, ‘আজকে আমার মায়ের জন্মদিন। অ্য়াওয়ার্ড পেতে লজ্জা লাগে, মনে হয় কারুর থেকে ছিনিয়ে নিলাম। অ্যাওয়ার্ড নিতে সেজেগুজে যাই, কিন্তু আজ এইভাবে এলাম। কারণ মায়ের জন্মদিন তো, মা একা একা বাড়িতে বসে আছে। আমি সেজেগুজে বেরোলাম, মাকে নিয়ে এলাম না সেটা ভালো লাগে না। তাই আজকের দিনটা অন্য়দিন হলে ভালো লাগত।’ এরপর জীতু বলেন, ‘প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্য়ে দিয়ে যাই। এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক নবাগতা। আমাদের ইন্ডাস্ট্রির নবাগতা, শিরিন পাল। টিভি নাইন-কে বলব আমি এত বছর ধরে অনেক অ্য়াওয়ার্ড পাচ্ছি, ফিল্মফেয়ার পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে ওকে দিচ্ছি। ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয়, অতুলনীয়। শুধুমাত্র আজ ওর জন্য এই অ্য়াওয়ার্ডটা হাতে তুলে নিলাম। আমার মা-ও বলত, এই অ্যাওয়ার্ডটা তুমি ওর হাতে তুলে দাও কারণ ও তোমার যুদ্ধের সঙ্গী এখন’।

জীতুর এই বক্তব্য গলে জল অনুরাগীরা। তবে দিতিপ্রিয়া ভক্তরা বেজায় চটেছেন। তাঁদের চোখে জীতু ইচ্ছাকৃতভাবে দিতিপ্রিয়াকে অপমান করতেই শিরিনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা বলেছেন। এই অ্যাওয়ার্ড সেরেমানিতে দিতিপ্রিয়ার হাত ফাঁকাই থেকেছে। অনুষ্ঠানেও হাজির হননি তিনি। নিন্দকদের চোখেও জীতুর এই সিদ্ধান্ত খানিক বেমানান ঠেকেছে। কারণ শিরিন সদ্য চিরদিনই তুমি যে আমারে যোগ দিয়েছেন। জীতুর এই সফরনামার আসল সঙ্গী কিন্তু দিতিপ্রিয়াই। মাঝপথে তিনি বেরিয়ে গেলেও আর্যর জনপ্রিয়তার সুর বাঁধা কিন্তু দিতিপ্রিয়ার সাথেই। তবে একটু বাড়াবাড়ি করে ফেললেন জীতু?