মাঠের লড়াই থেকে সামান্য বিরতি পেলেই রুপোলি পর্দার বিনোদনে ডুব দেন বিরাট কোহলি। এবার তাঁর রাডারে ধরা দিল রণবীর সিং অভিনীত বছরের অন্যতম চর্চিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ছবি দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না কোহলি। সমাজমাধ্যমে পোস্ট করে আদিত্য ধরের এই ছবিকে ‘মাস্টারপিস’ বলে তকমা দিলেন তিনি।
কোহলির চোখে ‘ম্যাজিক’
নিজের এক্স হ্যান্ডেলে বিরাট লিখেছেন, ‘ধুরন্ধর ২ দেখলাম। কী অসাধারণ একটা জার্নি! রণবীর সিং, তুমি আবারও প্রমাণ করলে কেন তুমি এই প্রজন্মের সেরা। আর আদিত্য ধর, তোমার লেখনী এবং পরিচালনা আমাকে মুগ্ধ করেছে। এমন টানটান উত্তেজনার ছবি খুব কম দেখেছি।’ বিরাটের এই শংসাপত্র পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ‘ধুরন্ধর’ শিবিরে।
বিরাটের রিভিউ দেখে কার্যত বাক্যহারা পরিচালক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের প্রশংসা শেয়ার করে আদিত্য জানালেন, বিরাটের মতো একজন ‘লিজেন্ড’-এর থেকে পাওয়া এই সম্মান তাঁর কাছে এক অনন্য প্রাপ্তি।
অনূর্ধ্ব-১৯ থেকে বিরাটের ভক্ত আদিত্য
বিরাটের উদ্দেশে আদিত্য লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না এমনটা ঘটছে! বিরাট, তোমার এই প্রশংসা সত্যি আমার কাছে অনেক বড় পাওনা। তোমার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার দিনগুলো থেকেই আমি তোমার অন্ধ ভক্ত।’ আদিত্যর মতে, বিরাটের মতো একজন ‘ওয়ান্স-ইন-এ-জেনারেশন লিজেন্ড’ যখন কোনো কাজের প্রতি ভালোবাসা দেখান, তখন সেই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা হয়।

অনুপ্রেরণার নাম বিরাট কোহলি
মাঠে বিরাটের লড়াকু মানসিকতা যে আদিত্যকেও অনুপ্রাণিত করে, তা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। আদিত্যর কথায়, ‘তুমি প্রতিবার মাঠে নামার সময় যেভাবে গোটা দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমরাও আমাদের সিনেমার মাধ্যমে দেশবাসীকে গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব। জয় হিন্দ।’রণবীর-বিরাট বন্ধুত্ব
রণবীর এবং বিরাটের বন্ধুত্ব দীর্ঘদিনের। প্রিয় বন্ধুর এই অসাধ্য সাধনকে কুর্নিশ জানাতে ভোলেননি কোহলি। বিশেষ করে রণবীরের ‘হামজা’ চরিত্রটি যে তাঁকে কতটা প্রভাবিত করেছে, তা বিরাটের পোস্টেই স্পষ্ট। ‘আরম্ভ হ্যায় প্রচণ্ড’-এর সুরে যখন থিয়েটার কাঁপছে, তখন কোহলির এই প্রশংসা ছবির ব্যবসা আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
১০০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
ইতিমধ্যেই ভারতে ৯৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ১৬তম দিনে গুড ফ্রাইডে-র ছুটিতে কালেকশন ছিল ২১.৫৫ কোটি। শনি ও রবিবার ছুটির আমেজে ছবিটির ১০০০ কোটির মাইলফলক ছোঁয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। ঋষভ শেট্টি থেকে বিরাট কোহলি— একের পর এক তারকাদের প্রশংসার পর ‘ধুরন্ধর ২’ এখন ভারতীয় সিনেমার এক নতুন ইতিহাস রচনার পথে।