‘রাহুলকে ‘আই হেট ইন্ডিয়া’ খোঁচা! মোদী-ট্রাম্প তরজায় মার্কিন গায়িকা

Spread the love

‘ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো বিচক্ষণতা নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।’ লোকসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন মার্কিন জনপ্রিয় গায়িকা মেরি মিলবেন। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কংগ্রেস নেতার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার এই ইস্যুতে সরাসরি রাহুলকে একহাত নিলেন মার্কিন গায়িকা ও সাংস্কৃতিক দূত মেরি মিলবেন।

এক্স বার্তায় মেরি মিলবেন লিখেছেন, ‘তুমি ভুল বলছো, রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না। প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক খেলা বোঝেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কূটনীতি কৌশলগত সম্পর্ক কেমন রাখতে হবে এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সবটা তিনি জানেন। যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রথমে রাখেন। ঠিক একই ভাবে প্রধানমন্ত্রী মোদীও ভারতের জন্য যা সবচেয়ে ভালো তা করবেন। এবং আমি এর প্রশংসা করি। রাষ্ট্রপ্রধানরা এটাই করেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা তাদের দেশের জন্য যা সবচেয়ে ভালো তা করেন এবং বলেন। আমি আশা করি না যে আপনি এই ধরণের নেতৃত্ব বুঝতে পারবেন। কারণ আপনার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো উপযুক্ত বিচক্ষণতা নেই। আপনার ‘আই হেট ইন্ডিয়া’ সফরে ফিরে যাওয়াই ভালো যেখানে একজন দর্শক থাকবে – আপনি নিজেই।’

রাহুল গান্ধী মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী একাধিক প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে। তিনি বলেন, ‘ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী।’ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘১. ট্রাম্পকে ভারতের রাশিয়া থেকে তেল না কেনার সিদ্ধান্ত ঘোষণার সুযোগ দিয়েছেন। ২. বারবার অপমান সত্ত্বেও অভিনন্দন বার্তা পাঠিয়ে চলেছেন। ৩. অর্থমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। ৪. শার্ম আল-শেখ সম্মেলনে যাননি। ৫. ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ট্রাম্পের বক্তব্যের কোনও প্রতিবাদ জানাননি।’ তার আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে ভারত আর তেল কিনবে না। এই বিষয়ে মোদী সরকার তাকে আশ্বস্ত করেছে। এবং রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এটি একটি ‘বড় পদক্ষেপ’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, ‘আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছি। আবারও স্পষ্টভাবে বলতে চাই, গতকাল দুই নেতার মধ্যে এমন কোনও কথোপকথন বা ফোনালাপ হয়েছে বলে আমার জানা নেই।’

মেরি মিলবেন কে?

মেরি মিলবেন একজন খ্যাতনামা মার্কিন গায়িকা, অভিনেত্রী ও সাংস্কৃতিক প্রতিনিধি। ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ভবনে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সেই সময় মঞ্চেই তিনি প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, যা আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। মার্কিন গায়িকা ও সাংস্কৃতিক প্রতিনিধি মেরি মিলবেনের রাহুল গান্ধীকে কটাক্ষ করে মন্তব্য রাজনীতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা ও রাষ্ট্রনায়ক সুলভ নেতৃত্ব রাহুল গান্ধীর বোধগম্য নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে নেতাদের ব্যক্তিগত মন্তব্যের প্রভাব ক্রমেই বাড়ছে, এবং সেটি এখন গ্লোবাল রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *