রিসোর্টের পুলে ঝাঁপ দিয়ে পর্যটকের ‘মর্মান্তিক’ মৃত্যু

Spread the love

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি রিসোর্টে অগভীর সুইমিং পুলে ঝাঁপ দেয়ার পর ২৫ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পুলে মাথা সামনে দিয়ে ঝাঁপ দেন যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

নিহত ব্যক্তির নাম শ্রিনিক মিলিন্দ তাকালে,  তিনি কোলহাপুর জেলার বাসিন্দা। ২০ জুন মালভানের ভায়ারি এলাকার একটি রিসোর্টে নয়জন বন্ধুর সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন, যখন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 
দুর্ঘটনাটির কিছুক্ষণ আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, দলটি সুইমিং পুলের পাশে নাচ করছে। কয়েক সেকেন্ড পরেই, তাকালে প্রায় আট থেকে দশ ফুট উঁচুতে উঠে শিশুদের জন্য নির্ধারিত সুইমিং পুলের অগভীর অংশে মাথা সামনে দিয়ে ঝাঁপ দেন।

পুলটি মাত্র চার ফুটের মতো গভীর ছিল। ঝাঁপ দেয়ার প্রচণ্ড ধাক্কায় তাকালের মাথা পুলের তলায় আঘাত করে, যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বন্ধুরা তাকে দ্রুত মালভান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় পুলিশ একটি আকস্মিক মৃত্যু প্রতিবেদন (এডিআর) নথিভুক্ত করেছে এবং ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।পুলিশ সাব-ইন্সপেক্টর গণেশ মানের তত্ত্বাবধানে তদন্তটি পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *