শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! টেকনিশিয়ানের স্ত্রী-ছেলের পাশে দেব

Spread the love

গ্ল্যামার আর আলোর দুনিয়ার নেপথ্যে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন, সেই টেকনিশিয়ানদের বিপদে পাশে দাঁড়াতে দেব সব সময় এক ধাপ এগিয়ে। ২০২১ সালের ৩০ জুলাই শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারান প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মন্ডল। রাজুর অকালপ্রয়াণে সবচেয়ে বড় আঘাত নেমে এসেছিল তাঁর চার বছরের ছেলে রিশানের ওপর। পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়েছিল সে। এবার সেই রিশানের অভিভাবক হয়ে পাশে দাঁড়ালেন দেব।

আর্থিক সহায়তা ও পড়াশোনার অঙ্গীকার

দেব-এর বিশেষ উদ্যোগে এবং তাঁরই নির্দেশে ‘সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন’ (Cine Production Managers Association)-এর পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। তবে সাহায্য এখানেই শেষ নয়। দেব-এর নির্দেশানুসারে সংস্থা প্রতিশ্রুতি দিয়েছে যে, ছোট্ট রিশানের পড়াশোনার যাবতীয় খরচ তারা বহন করবে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সাহায্য ছাড়াও তার সারা বছরের বই, খাতা এবং স্কুলের পুনর্ভর্তি বা রি-অ্যাডমিশন ফি-র দায়িত্বও নিয়েছে এই সংস্থা।

দেব-এর বিশেষ বার্তা

এই উদ্যোগের পর নিজের মানবিক অবস্থান স্পষ্ট করে দেব একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। দেব লিখেছেন—’আমি সব সময় আমার টেকনিশিয়ান ভাইদের পাশে আছি। ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। শুভ নববর্ষ।’

মানুষ হিসেবে দেব-এর জয়

সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রতিশ্রুতি যখন সময়ের সাথে ধুয়ে যায়, তখন দেব-এর এই দীর্ঘমেয়াদী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছে টলিপাড়া। টেকনিশিয়ানদের কাছে দেব শুধু একজন অভিনেতাই নন, বরং এক নির্ভরযোগ্য ভরসার নাম। রাজু মন্ডলের মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হলেও, কাজের কাজ করে দেখালেন দেব এবং তাঁর সহযোগী সংস্থা। রিশানের চোখের নতুন স্বপ্ন যেন আজ দেব-এর মানবিকতায় আরও উজ্জ্বল হয়ে উঠল।

সম্প্রতি দেবকে ঘিরে কম আলোচনা হয়নি টলিপাড়ায়। ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের মধ্যে কিছু মতভেদ ও পরবর্তীকালে কিছু আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে, অনির্বাণ ভট্টাচার্যের,ঋদ্ধি সেনের মতো অভিনেতারা কাজ করতে পারছিলেন না। সাংবাদিক সম্মেলনের মধ্যেই দেব জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁকে কথা দিয়েছেন যে, যে সমস্ত শিল্পীরা কাজ করতে পারছেন না, ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি।

পরদিনই দেব সোশ্যাল মিডিয়ায় একটি আইনি চিঠি শেয়ার করে নেন। যাতে দেখা যায়, ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ডিরেক্টর্স গিল্ড। কিন্তু কাউকে না জানিয়ে, সেই চিঠি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করায় মনোক্ষুণ্ণ হন, প্রসেনজিৎ। প্রকাশ্যে সাংবাদিকদের সামনে সেই কথা বলেন বুম্বাদা। যদিও সেইসব নিয়ে পরবর্তীতে কোনও মন্তব্য করেননি দেব।

তবে নিজের আসন্ন ছবি দেশু ৭-এ যে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন তার ঘোষণা সেরে ফেলেছেন তারকা সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *