অশান্ত বাংলাদেশের চিত্র দেখতে একেবারেই ভালো লাগছে না। কিন্তু চলতি বছরে বাংলাদেশের যে ঘটনা পরপর উঠে আসছে তা কোনওভাবেই অগ্রাহ্য করা যাচ্ছে না। দুই বাংলার সংস্কৃতির প্রতিষ্ঠান ছায়ানট ধ্বংস করা হোক অথবা হিন্দু ব্যক্তিকে পিটিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা, বেদনাদায়ক সেই দৃশ্য দেখে উৎকণ্ঠায় দিন কাটছে এপার বাংলার মানুষেরও।
ওপার বাংলার ঘটনার জেরে উত্তেজিত হয়েছে রাজনৈতিক মঞ্চ। সরকার থেকে বিরোধী দল, সকলেই মুখ খুলেছেন এই প্রসঙ্গে। এবার ওপার বাংলার পরস্পর কিছু ঘটনা নিয়ে মন্তব্য রাখলেন দেব। গোটা বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন অভিনেতা।
নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘এখন সারা বিশ্ব যেন অশান্ত হয়ে রয়েছে। প্রত্যেকদিন মনে হচ্ছে এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল। মানুষ যেন মানুষকে আঘাত করার জন্য বসে রয়েছে। আমি প্রতিদিন সব ধর্মের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, মানুষকে সুবুদ্ধি দাও। মানুষের মধ্যে যেন আবার ভালোবাসা তৈরি হয়, এই কামনাই করি সব সময়।’
অভিনেতা আরও বলেন, ‘এখন প্রত্যেক মানুষ ব্রেনওয়াশড হয়ে যাচ্ছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। খুব তাড়াতাড়ি মানুষ ভুল বুঝছে আর তার প্রতিক্রিয়ায় এই সমস্ত ঘটনা ঘটছে। মানুষকে আগে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। না হলে কোনটাই ঠিক হবে না।’তবে বাংলাদেশের ফরিদপুরে জেমসের কনসার্ট নিয়ে কথা বললেও দিপু দাস নিয়ে কেন তিনি কথা বললেন না এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন নেটপাড়ার বাসিন্দারা। কেউ কেউ আবার লিখেছেন, কার ব্রেনওয়াশ হচ্ছে সেটা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেউ কেউ আবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করে দেবকে কটাক্ষ করার চেষ্টা করেছেন।

তবে শুধুমাত্র দেব নয়, বাংলাদেশের ঘটনায় নিন্দাই মুখর হয়েছেন গায়ক সিধু। রাজনৈতিক ব্যাপারে কেন সাংস্কৃতিক জিনিস নষ্ট করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ও গোটা ব্যাপারটিকে অত্যন্ত কষ্টদায়ক বলে আখ্যা দিয়েছেন।