WB Trains New Timetable। ৮১ লোকালের টাইম টেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে

Spread the love

আগামী ১ জানুয়ারি থেকে একগুচ্ছ লোকাল ট্রেনের সময়সূচি পালটাচ্ছে পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকাল এবং প্যাসেঞ্জার মিলিয়ে নয়া বছরের পয়লা দিন থেকে মোট ১৩৩টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা হল ৫২টি। আর ৮১টি লোকাল ট্রেনের টাইমটেবিল পালটে যাচ্ছে।

কোন কোন লোকাল ট্রেনের সূচি পালটাচ্ছে?

সেই তালিকায় যেমন শিয়ালদা-বনগাঁ লোকাল, শিয়ালদা-বারাসত লোকাল, শিয়ালদা-হাসনাবাদ লোকাল, শিয়ালদা-বজবজ লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ক্যানিং লোকাল, শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা-নামখানা লোকাল, শিয়ালদা-ডানকুনি লোকাল, ব্যারাকপুর-শিয়ালদা লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল আছে; তেমনই রয়েছে কাটোয়া-ব্যান্ডেল লোকাল, কাটোয়া-আহমেদপুর লোকালের মতো ট্রেনও আছে।

একাধিক ট্রেন আরও বেশি পথ অতিক্রম করবে

আবার কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত হয়েছে। একাধিক হাওড়া-তারকেশ্বর লোকাল ১ জানুয়ারি থেকে গোঘাট পর্যন্ত যাবে। একটি শিয়ালদা-রানাঘাট লোকাল আবার যাবে শান্তিপুর পর্যন্ত। সবমিলিয়ে মোট ১৫টি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দুটি প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে। চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে ছ’টি লোকাল ট্রেনের।

৪৪ এক্সপ্রেস ট্রেনের সূচি পরিবর্তন

সেখানেই শেষ নয়, ৪৪টি এক্সপ্রেস বা মেল ট্রেনের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। যে তালিকায় আছে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, নয়াদিল্লি-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেসের মতো একগুচ্ছ এক্সপ্রেস ও মেল ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *