প্রভাব খাটিয়ে, ভয় দেখিয়ে, জোর করে মহিলাকে লাগাতার ধর্ষণ। পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মিলল না নির্যাতিতার, উল্টে অভিযুক্তের হুমকি, ‘আমার কিছুই হবে না।’ বিজেপি শাসিত রাজ্যে বিজেপি কাউন্সিলরের স্বামীর কীর্তি এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। বুকে ছুরি ঠেকিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এমনকী মহিলাকে যৌন নির্যাতনের ভিডিও ক্যামেরাবন্দি করেছিলেন অভিযুক্ত। এরপর সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও একাধিকবার যৌনতায় লিপ্ত হওয়ার জন্য জোরজবরদস্তি করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অশোক সিং। রামপুর বাঘেলান নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলরের স্বামী তিনি। নির্যাতিতাকে হুমকি দেওয়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অভিযুক্তকে এক পুলিশ অফিসারকে গালিগালাজ এবং নির্যাতিতাকে হুমকি দিতে শোনা যাচ্ছে। ভিডিওতে অশোক সিংকে বলতে শোনা গিয়েছে, আমার কী হবে? কিছুই হবে না। যেখানে খুশি অভিযোগ দায়ের করো, আমার কিছুই হবে না।’
অন্যদিকে, সেই ভিডিওতেই নির্যাতিতাতে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। এমনকী অভিযোগ দায়ের করার কথাও বলেন তিনি। গত সোমবার সাতনার এসপি হংসরাজ সিংয়ের কাছে লিখিত অভিযোগ জমা দেন নির্যাতিতা। অভিযোগে তিনি জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ছ’মাস আগে। প্রাণনাশের ভয়ে ও পরিবারের উপর হামলার আশঙ্কায় অভিযোগ দায়ের করেননি আগে। তিনি আরও বলেন, বাড়িতে ঢুকে, ছুরির কোপের ভয় দেখিয়ে ধর্ষণ করেছিলেন অশোক সিং এবং নিজের মোবাইলে সেই কুকর্মের ভিডিও রেকর্ড করেন। পরে তিনি ওই ভিডিও দেখিয়ে নির্যাতিতা ও তাঁর পরিবারকে খুনের হুমকিও দেন। গত ২০ ডিসেম্বর আবারও তাঁর শ্লীলতাহানি করেন। নির্যাতিতার দাবি, অশোক সিংয়ের অপরাধ করার অতীত ইতিহাস আছে। তাই তাঁকে আগে জেলা থেকে সরানো হয়েছিল। নির্যাতিতা জানান, পাঁচদিন আগে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও, তারা কোনও কড়া পদক্ষেপ করেনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ভিডিওর সত্যতা যাচাই করে পদক্ষেপ করবে তারা। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।
