পূর্বাভাস আগেই ছিল যে, লক্ষ্মীপুজো পার করেই ফের রাজ্যে বৃষ্টির তাণ্ডব শুরু হবে। এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল শুক্রবারই তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল। সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি।
রবিবারই বাঙালির ঘরে ঘরে আরাধনা হবে দেবী লক্ষ্মীর। ধনদেবীর আরাধনায় উৎসবের মেজাজে মেতে উঠতে চলেছে গোটা বাংলা। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। যার জেরে বাংলার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, ক্রমে উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আর এই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপে পরিণত হবে। এরপর ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার। আর রবিবার রয়েছে লক্ষ্মীপুজো।
রবিবারের পর সোমবার সকালেই মুদ্রেই গভীর নিম্নচাপ থেকে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পরের দিকে, আরও শক্তি সঞ্চয় করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে।ফলত, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বুধবার থেকে দক্ষিণের ৬ টি জেলায় রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়ার রিপোর্ট বলছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বুধবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।
