সলমনের পর এবার অনুরাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনবের

Spread the love

কিছুদিন আগেই সলমন খান এবং শাহরুখ খানকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালক অভিনব কাশ্যপ। বিতর্কিত এই মন্তব্যগুলির জন্য বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন খবরের শিরোনামে। এবার নিজের দাদার সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করে বসলেন তিনি।

বলিউড চলচ্চিত্র জগতে অভিনব এবং অনুরাগ, এই দুই ভাইয়ের নামই ভীষণ পরিচিত। কিন্তু ব্যক্তিগত জীবনে নাকি একেবারেই ভালো সম্পর্ক নেই দুজনের মধ্যে। সম্পর্কের অবনতি এতটাই যে দুই ভাইয়ের মধ্যে এখন কথা বলাও বন্ধ হয়ে গিয়েছে।

সম্প্রতি বলিউড ঠিকানার সঙ্গে কথোপকথন চলাকালীন অভিনব বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। গোয়ালিয়রের একই বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি আমরা। দিল্লি কলেজেও পড়েছি একসঙ্গে এমনকি সফল হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে এসেছিলাম একসঙ্গে। কিন্তু এত কিছুর মধ্যেও আমাদের মধ্যে অনেক জটিলতা ছিল।’

অভিনব বলেন, ‘ও যেহেতু আমার থেকে বড় তাই সবসময় ওর মনে হত আমি ভুল করছি। অনেকবার আমার গায়ে হাত দিয়েছে। আমি কখনও পাল্টা গায়ে হাত তুলিনি, কারণ ও আমার থেকে বড়। ওকে অপমান করার কোনও চিন্তাই আমার মাথায় আসেনি কোনওদিন। কিন্তু শেষবার যখন আমাকে অপমান করেছিল তখন আমার মনে হয়েছিল আর কোনওদিন ওর সাথে কথা বলবো না।’

তবে অনুরাগের সঙ্গে সম্পর্ক না থাকলেও দাদাকে সবসময় নিজের ‘গুরু’ বলেই মানতে স্বচ্ছন্দ বোধ করেন অভিনব। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি যেটুকু সাফল্য অর্জন করেছেন, আর পুরোটাই যে দাদার শিক্ষার কারণে হয়েছে তা বারবার মেনে নেন অভিনব।

অভিনবের চলচ্চিত্র কেরিয়ার

অভিনব কাশ্যপ হিন্দি চলচ্চিত্র জগতে চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করেন এবং পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেন। তিনি ২০০৭ সালের হিট ছবি “মনোরমা সিক্স ফিট আন্ডার”-এর সহ-লেখক এবং ‘যুবরাজ’-এর চিত্রনাট্য লেখেন। ২০১০ সালে সলমন খান এবং সোনাক্ষী সিনহা অভিনীত ব্লকবাস্টার ছবি ‘দাবাং’-এর মাধ্যমে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ ঘটে, যা তার সময়ের সর্বোচ্চ আয়কারী বলিউড ছবিগুলির মধ্যে একটি হয়ে ওঠে।

ছবিটির অসাধারণ সাফল্য সত্ত্বেও, সৃজনশীল পার্থক্যের কারণে অভিনব এর সিক্যুয়েল পরিচালনা না করার সিদ্ধান্ত নেন। পরে তিনি রণবীর কাপুরকে নিয়ে বেশরম (২০১৩) পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *