নীতিশ তিওয়ারির মেগা বাজেট ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার সামনে আসতেই নেটপাড়ায় উন্মাদনা তুঙ্গে। শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং সীতার অবতারে সাই পল্লবীকে নিয়ে দর্শকমনে জল্পনার শেষ নেই। এক কথায় দু-ভাগ বিভক্ত নেটপাড়া। ছবির মাত্রারিক্ত ভিএফএক্স, সীতা-কৈকেয়ীদের ডিজাইনার ব্লাউজ নিয়ে কম তরজা চলছে না। তবে ট্রেলার প্রকাশের পর সাই পল্লবীর চেয়েও সোশাল মিডিয়ার নজর বেশি কেড়ে নিয়েছেন নায়িকার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী অভিনেত্রী! সামান্য এক ঝলকেই সাই পল্লবীকে টেক্কা দিয়ে ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। এমনকি নেটিজেনদের একাংশের তো দাবি— সাই পল্লবীর বদলে ওনাকেই নাকি মা সীতার চরিত্রে কাস্ট করা উচিত ছিল!
কে এই অভিনেত্রী যিনি সাইকেও ছাপিয়ে গেলেন?
ট্রেলারের একটি ফ্রেমে সাই পল্লবীর পেছনে হাতে পূজার থালা নিয়ে অত্যন্ত সাধারণ ও স্নিগ্ধ লুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক তরুণীকে। চোখের পলকের উপস্থিতিই মন জয় করে নিয়েছে সিনেমাপ্রেমীদের।
এই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় অসমীয়া অভিনেত্রী সুরভি দাস (Surbhi Das)। জানা যাচ্ছে. ‘রামায়ণ’ ছবিতে সুরভি দাসকে দেখা যাবে সীতার ছোট বোন এবং শ্রীরামের কনিষ্ঠ ভাই শত্রুঘ্নের স্ত্রী শ্রুতকীর্তি-র ভূমিকায়।
নেটিজেনদের প্রশংসা: সোশ্যাল মিডিয়ায় কাস্টিং নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক অনুরাগী লিখেছেন, ‘সবাই মুকেশ ছাবড়া বা আদিত্য ধর হতে পারেন না! নীতিশ ভাই, ব্যাকগ্রাউন্ডে দেখা যাওয়া এই অভিনেত্রী কিন্তু পুরো ফ্রেম নিজের নামে করে নিয়েছেন। এই একটি শটেই উনি সাই পল্লবীকে পুরোপুরি টেক্কা দিয়েছেন।’
‘রামায়ণ’ ছবি সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য
বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি হতে যাওয়া এই মহাকাব্যিক ছবিটির আনুমানিক বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবি দুবে, বিবেক ওবেরয়, সৌরভ সচদেবা এবং রকুল প্রীত সিং।
সঙ্গীতে অস্কারের ছোঁয়া: ছবির আবহ ও সঙ্গীতের জন্য এই প্রথমবার একসঙ্গে হাত মিলিয়েছেন দুই কিংবদন্তি সঙ্গীতপরিচালক— অস্কারবিজয়ী এ আর রহমান এবং বিশ্বখ্যাত হলিউড সুরকার হ্যানস জিমার (Hans Zimmer)।

ভিএফএক্স ও মুক্তি: বিশ্বমানের ভিজ্যুয়াল ইফেক্টসের (VFX) দায়িত্ব সামলাচ্ছে ‘DNEG’। ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে, আর এর দ্বিতীয় পর্বটি আসবে ২০২৭ সালে। আন্তর্জাতিক স্তরে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে সোনি পিকচার্স এবং উত্তর ভারতে ধর্মা প্রোডাকশনস।