‘সাতলুজ’ বিতর্কে সেন্সর বোর্ড প্রধানকে বিঁধলেন অনুরাগ কশ্যপ

Spread the love

দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত বহুল চর্চিত ছবি ‘সাতলুজ’ (Satluj) ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির দু-দিনেই হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে বিনোদন জগতে তোলপাড় চলছে। এবার এই বিতর্কিত সেন্সরশিপ ইস্যু নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর চেয়ারম্যান প্রসূন জোশী-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ।

অনুরাগের দাবি, সিবিএফসি প্রধান প্রসূন জোশী ছবিটি নিজে না দেখেই এটির মুক্তির ওপর আপত্তি জানিয়েছিলেন এবং সম্পূর্ণ একতরফাভাবে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

‘ছবি না দেখেই আপত্তি’— বিস্ফোরক অনুরাগ

কৌতুকভিনেতা কুণাল কামরার ইউটিউব চ্যানেলে এসে অনুরাগ কাশ্যপ জানান যে, ‘সাতলুজ’ ছবির পরিচালক হানি ত্রেহান (Honey Trehan) স্বয়ং সার্টিফিকেশন প্রক্রিয়ার এই তিক্ত অভিজ্ঞতা ওঁর সাথে শেয়ার করেছেন।

অনুরাগ বলেন, ‘হানি আমাকে জানিয়েছে যে, প্রসূন জোশীর এই ছবিটিকে নিয়ে আপত্তি ছিল। অথচ উনি ছবিটা দেখেনইনি! আমি জানি, অন্যান্য অনেক ক্ষেত্রেও চেয়ারম্যান নিজে ছবি দেখেন না। তাঁরা শুধু একজামিনিং কমিটির জমা দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আর সেই রিপোর্টের ওপর ভরসা করেই এভাবে খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। আমি যখন শেষবার হানির সাথে কথা বলেছিলাম, ওকেও স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।’

সাম্প্রতিক সময়ে একাধিক ছবির মুক্তি আটকে যাওয়া এবং বিভিন্ন সেন্সরশিপ বিতর্ক নিয়ে প্রসূন জোশীর টানা নীরবতা এবং কোনো সদুত্তর না দেওয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুরাগ।

কী এই ‘সাতলুজ’ বিতর্ক?

অতীতে ‘পাঞ্জাব ৯৫’ (Punjab 95) নামাঙ্কিত এই ছবিটি মূলত প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি হয়েছিল। কিন্তু সেন্সর বোর্ডের সাথে দীর্ঘ তিন বছরের আইনি ও মানসিক লড়াইয়ের পর অবশেষে গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি৫ (Zee5)-এ ছবিটি নিঃশব্দে মুক্তি পায়। কিন্তু মুক্তির মাত্র দু’দিনের মাথায়, অর্থাৎ ৫ জুলাই প্ল্যাটফর্ম থেকে ছবিটি আচমকা সরিয়ে নেওয়া হয়।

জি৫-এর তরফ থেকে পরবর্তীতে জানানো হয় যে, কিছু সাম্প্রতিক পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারতে ‘সাতলুজ’ দেখা যাবে না। তারা আইনি পথেই ছবিটি আবার দর্শকদের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

ছবির পরিচালক হানি ত্রেহান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি নামানোর আগে ওঁর বা ছবির প্রযোজকদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry)-এর তরফ থেকে সরাসরি জি৫ কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়ে ছবিটির স্ট্রিমিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলেই এই পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *