২১ দিনে আয়ের বিস্ফোরণ ঘটাল ‘ধুরন্ধর’

Spread the love

একের পর এক নতুন রেকর্ড গড়ে বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। প্রেক্ষাগৃহে মুক্তির ২১ দিনে বলিউডের ব্লক বাস্টার সিনেমাগুলোর রেকর্ড ভাঙছে সিনেমাটি।

মুক্তির তিন সপ্তাহের মধ্যেই ছবিটি ভারতের বাজারে অনায়াসে ৬০০ কোটি রুপি পেরিয়ে গেছে। এই স্পাই–অ্যাকশন থ্রিলার বড়দিন উপলক্ষে আবারও আয়ের বড় বিস্ফোরণ দেখেছে। নতুন ছবি মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর গতি কমেনি।


বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের সর্বশেষ হিসাব অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি টাকা। বড়দিনের ছুটির প্রভাবেই ছবিটির আয় বেড়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

এ নিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি। চলতি সপ্তাহান্তের মধ্যেই ৬৫০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার দিকে এগোচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৫৩ দশমিক ২৫ কোটি রুপি।বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যে ‘স্ত্রী ২’ (৫৯৮ কোটি) এবং ‘ছাবা’র (৬০১ কোটি) আয় ছাড়িয়ে গেছে। বর্তমানে এটি কেবল শাহরুখ খানের ‘জওয়ান’–এর (ভারতে আয় ৬৪০ কোটি) পরেই অবস্থান করছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয় করার পথে রয়েছে ছবিটি।


স্পাই থ্রিলারধর্মী ‘ধুরন্ধর’ সিনেমা নির্মিত হয়েছে হামজা আলি মাজারি নামের এক রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে। সিনেমায় সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা, বিমান ছিনতাইয়ের মতো ঘটনাগুলো উঠে এসেছে।

আড়ালে থাকা নায়কদের গল্প তুলে ধরা হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমায়। রণবীর সিংয়ের পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *