বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চলচ্চিত্র জুটি হলেন দীপঙ্কর দে আর দোলন রায়। তাঁদের বয়সের পার্থক্য নিয়ে কম জলঘোলা হয়নি। দীপঙ্করের থেকে প্রায় ২৬ বছরের ছোট দোলন। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তখন দীপঙ্কর দে-র বয়স ছিল ৭৫ এবং দোলন রায়ের ৪৯ বছর।
এক সাক্ষাৎকারে নিবেদিতা অনলাইন নামক একটি ইউটিউব চ্যানেলকে নিজের সেক্স লাইফ নিয়ে দোলন বলেছিলেন, ‘একটা সময় পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর যা হওয়ার ছিল সেটাই হল। অন্যান্য সব মেয়েরা যেমন কম্প্রোমাইজ করে নেয়, সেটাই করলাম। নইলে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়।’ সঙ্গে দোলন নিজের বক্তব্যে আরও জুড়েছিলেন, ‘আসলে মানুষটাকে এতটা ভালোবাসি যে এগুলো কখনই খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কিছুটা মানিয়ে নিয়েছি। ওকে কোনও কিছুই অনুভব করতে দিইনি। ও বুঝলে সম্পর্কটা কি ঠিক থাকত?’
শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসারে এসে জানিয়েছেন তাঁর সন্তানের খুব শখ, বিশেষ করে একটি মেয়ের মা হওয়ার। দোলন বলেছিলেন, ‘আমি নিজে আমার মায়ের খুব কাছের। এখন তো বয়স হয়ে গিয়েছে মায়ের। সব কথা তো আর ভাগ করা যায় না। একটা মেয়ে থাকলে খুব ভালো হত। তার সঙ্গে মনের সব কথা ভাগ করে নিতাম। বন্ধুর মতো মিশতাম।’ সেই সময় পাশে ছিল দীপঙ্করও। খানিক চুপ করে যান দীপঙ্কর। যদিও সন্তান না নেওয়া নিয়ে পরবর্তীতে কখনো সেভাবে কথা বলেননি তাঁরা।
শোনা যায়, ১৯৯৭ সাল থেকে তাঁদের আলাপ, চেনা, জানা। এরপর প্রেম। তবে দীপঙ্করের প্রথম স্ত্রী ছিলেন একজন অ্যাংলো-ইন্ডিয়ান মহিলা এবং তাঁদের দুটি কন্যা সন্তান ছিল। ডিভোর্সের পর, দোলনের সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি তাঁদের বিয়ে হয়।
