বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আরও সক্রিয় হয়ে উঠেছেন জনশক্তি জনতা দল (জেডি)-র পৃষ্ঠপোষক ও লালুপ্রসাদ যাদবের ত্যাজ্যপুত্র তেজ প্রতাপ যাদব। সম্প্রতি তিনি দাবি করেছেন, পরাজয় তাঁকে দুর্বল করেনি; বরং আরও দৃঢ় করেছে। আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন তেজ প্রতাপ। এবার ১৫ লক্ষ টাকার নিনজা সুপারবাইকে চড়ে অন্য রূপে ধরা দিলেন তিনি।
মঙ্গলবার তেজ প্রতাপ যাদব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, পাটনার রাস্তায় নতুন কেনা নিনজা সুপারবাইক চালাচ্ছেন তিনি। আর ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘ধুম’ ছবির টাইটেল ট্র্যাকটি বাজছে। ভিডিওটি পোস্ট করে লালু-পুত্র লিখেছেন, ‘গতি উত্তেজিত করে, শৃঙ্খলা সংজ্ঞায়িত করে। আমি ঝুঁকি নয়, রোমাঞ্চে বাইক চালাই কারণ রাস্তা আমার প্রত্যাবর্তনের যোগ্য।’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তেজ প্রতাপের বাইক চালানো স্টাইলের ব্যাপক প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সবুজ বাইক, তেজু ভাইয়া যেন জ্বলছে।’ আরেকজন মজা করে বলেছেন, ‘তেজু ভাইয়া ধুম ৪-এর জন্য প্রস্তুত হচ্ছেন।’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘৫ টাকার পেপসি, তেজু ভাইয়া সেক্সি।’ আরেকজন আবারও বলেছেন, ‘তেজু ভাইয়া আবার ফিরে এসেছেন।’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শুধু বিহারেই নয়, দলের সংগঠন এখন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সদস্যপদ অভিযানও জোরকদমে চলছে। ইতিমধ্যেই বহু মানুষ দলে যোগ দিয়েছেন।পাটনার এক অনুষ্ঠানে তিনি দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা করেন এবং জানান যে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে। তাঁর দাবি, অন্যান্য রাজনৈতিক দল থেকেও অনেকেই জনশক্তি জনতা দলে যোগ দিচ্ছেন।
সম্প্রতি স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে কাওয়াসাকি। জাপানি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন মিড-রেঞ্জ সুপারস্পোর্ট বাইক ২০২৬ কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর। ভারতে এই বাইকের দাম প্রায় ১২.৪৮ লক্ষের কাছাকাছি। এরপর রেজিস্ট্রেশন, বিমা সব মিলিয়ে বাইকটির দাম পড়বে ১৪-১৫.৫ লক্ষ টাকা। আগের মডেলের তুলনায় দাম বেড়েছে প্রায় ৪০ হাজার টাকা। যদিও ইঞ্জিন ও প্রযুক্তিগত দিক থেকে তেমন কোনও পরিবর্তন নেই, তবে বাইকটিতে এসেছে একেবারে নতুন রঙের ছোঁয়া এবং আধুনিক সুবিধা। ২০২৬ নিনজা জেডএক্স-৬আর এসেছে লাইম সবুজ রঙে ও নতুন গ্রাফিক্স নিয়ে। নতুন রঙ ও গ্রাফিক্স বাইকটিকে দিয়েছে আরও আক্রমণাত্মক ও আকর্ষণীয় চেহারা। যদিও প্রযুক্তিগতভাবে আগের মডেলের মতোই, তবে নতুন রঙ, গ্রাফিক্স এবং উন্নত সুবিধা ২০২৬ কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর-কে করেছে আরও স্টাইলিশ ও প্রিমিয়াম। শক্তিশালী কর্মক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে এই বাইক নিঃসন্দেহে ভারতের সুপারস্পোর্ট বাইকের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
