বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তবে কেকেআর ৩ কোটি টাকায় কিনেছেন তাঁকে। তিনি ভারতীয় আনক্যাপড উইকেটরক্ষক-ব্যাটার তেজস্বী দাহিয়া। এবছর দিল্লি প্রিমিয়ার লিগে টি২০ প্রতিযোগিকায় ১০টি ম্যাচ খেলেছেন। তাতেই তিনি মেরেছেন ২৯টি ছক্কা। ২৩ বছর বয়সি এই ব্যাটার কে? তেজস্বী দাহিয়া দিল্লির ক্রিকেটার। চলতি বছরে অনুষ্ঠিত দিল্লি প্রিমিয়ার লিগে তিনি ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন।
দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫ মরশুমে ১০ ম্যাচে তেজস্বী মোট ২৯টি ছক্কা মেরেছিলেন। এই সময়কালে, তিনি ৪৮.৪৩ গড়ে ৩৩৯ রান করেছিলেন। এর ফলে তেজস্বী ২০২৫ সালের দিল্লি প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটার ছিলেন তিনি। ৩৪টি ছক্কা মেরে তালিকার শীর্ষে ছিলেন নীতিশ রানা। তেজস্বী দাহিয়া দিল্লির হয়ে এখন পর্যন্ত দুটি প্রথম-শ্রেণির ম্যাচে ১১৫ রান করেছেন। দিল্লির হয়ে ছয়টি টি-টোয়েন্টিতে তিনি ১১৩ রান করেছেন। দিল্লির হয়ে ব্যাট হাতে তাঁর গড় ৫৬.৫০।
আজ আইপিএল মিনি নিলামে মোট ৬৩.৮৫ কোটি টাকা খরচ করল কেকেআর। আজ প্রথমেই ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। এরপর ১৮ কোটিতে কেকেআরে আসেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা। এছাড়া আজ ২ কোটি টাকায় নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন, ৩০ লাখে ভারতের পেসার কার্তিক ত্যাগী, ৩০ লাখে ভারতীয় পেসার প্রশান্ত সোলাঙ্কি, ৭৫ লাখে ভারতীয় ব্যাটার রাহুল ত্রিপাঠী, ১.৫ কোটিতে কিউয়ি উইকেটরক্ষক টিম সাইফার্ট, ৯.২০ কোটিতে বাংলাদেশি পেসার মাস্তাফিজুর রহমান, ৩০ লাখে ভারতীয় অলরাউন্ডার সার্থক রঞ্জন, ৩০ লাখে ভারতীয় অলরাউন্ডার দক্ষ কর্ম, ২ কোটিতে কিউয়ি ব্যাটার রচিন রবীন্দ্র, ১ কোটিতে ভারতীয় বোলার আকাশ দীপকে নিয়েছে কেকেআর।
