EPFO Update: সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক চাকরিজীবীরই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও অ্যাকাউন্ট থাকে। মাসে মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট টাকা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কর্মীদের অবসরকালীন ফান্ড এটি। তবে বিশেষ প্রয়োজনে আপনি অবসরের আগেও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। তবে জানেন কী, আপনার পিএফ অ্যাকাউন্টে বেতনের থেকে কেটে নেওয়া টাকা জমা পড়ার পাশাপাশি ওই জমা টাকার উপরে সুদও পাওয়া যায়। বার্ষিক সুদ পাওয়া যায় পিএফ অ্যাকাউন্টে। এবার খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মোটা টাকা। কীসের টাকা জানেন?
ইপিএফও খুব শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করতে চলেছে। কারণ, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফ আমানতে ৮.২৫ শতাংশ সুদের হারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের সম্মতির পর এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সদস্যদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করার প্রক্রিয়া শুরু করতে পারবে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের মধ্যেই সেই সুদের টাকা অ্যাকাউন্টে জমা পড়তে পারে। এই সুদের হার প্রথমে অনুমোদন করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ।
গত ২ মার্চ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে হওয়া বৈঠকে ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদিত হয়েছিল। তবে ইপিএফ আমানতের গ্যারান্টার কেন্দ্রীয় সরকার। তাই অর্থ মন্ত্রকের সম্মতি প্রয়োজন ছিল। সেই অনুমোদন মেলার পর সুদ জমার রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, শ্রম মন্ত্রক শীঘ্রই ইপিএফও-কে সুদের অর্থ সদস্যদের অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দিতে পারে। নতুন ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে এই প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও প্রসেসিং শেষ হলেই সুদের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে ইপিএফ গ্রাহকদের কোনও আলাদা আবেদন বা পদক্ষেপ করতে হবে না। সুদের অর্থ স্বয়ংক্রিয় ভাবেই তাঁদের অ্যাকাউন্টে জমা হবে।

কেন অপরিবর্তিত রাখা হলো সুদের হার?
২০২৪-২৫ অর্থবর্ষেও ইপিএফ-এ ৮.২৫ শতাংশ সুদ দেওয়া হয়েছিল। তার আগে ২০২৩-২৪ অর্থবর্ষে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছিল। ফলে টানা তৃতীয় আর্থিক বছরের জন্য একই সুদের হার বজায় রাখল ইপিএফও। বৃহত্তর অর্থনীতিতে সুদের হারের পরিবর্তন সত্ত্বেও গ্রাহকদের জন্য স্থিতিশীল রিটার্ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত কয়েক অর্থবর্ষে ইপিএফ সুদের হার
২০২৪-২৫: ৮.২৫ শতাংশ
২০২৩-২৪: ৮.২৫ শতাংশ
২০২২-২৩: ৮.১৫ শতাংশ
২০২১-২২: ৮.১০ শতাংশ
২০২০-২১: ৮.৫০ শতাংশ
২০১৯-২০: ৮.৫০ শতাংশ
২০১৮-১৯: ৮.৬৫ শতাংশ
২০১৭-১৮: ৮.৫৫ শতাংশ
২০১৬-১৭: ৮.৬৫ শতাংশ
২০১৫-১৬: ৮.৮০ শতাংশ
২০১৪-১৫: ৮.৭৫ শতাংশ
২০১৩-১৪: ৮.৭৫ শতাংশ
২০১১-১২: ৮.২৫ শতাংশ