Microsoft Employees Exit Package Offer: ভারত-সহ বিশ্বের একাধিক দেশে প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মাইক্রোসফট। অর্থাৎ বিশ্বে ওই টেক জায়ান্টের যতজন কর্মী আছেন, তাঁদের ২৫ শতাংশের বেশিকেই সেই প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, খরচ নিয়ন্ত্রণে এনে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের লক্ষ্য নিয়েছে মাইক্রোসফট। যাঁরা সেই অফারের ‘যোগ্য’ হবেন, তাঁদের শীঘ্রই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে বলে টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে।
কারা কারা ‘যোগ্য’ হবেন সেই অফারের?
নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত এক সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, এআই এক্সপিরেয়েন্স, কো-পাইলট, ফাইনান্স, হিউম্যান রিসোর্স, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভিশনের কর্মীদের এরকম স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে। মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস বা সিকিউরিটির মতো ক্ষেত্রে যাঁরা কর্মরত আছেন, তাঁদের অবশ্য সেই অফার দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই সূত্র।
ভারত-সহ কোন কোন দেশে এরকম পদক্ষেপ?
ওই প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের তরফে বলা হয়েছে যে ‘কানাডা, ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী টিমের যোগ্য কর্মীদের সেই অফার দেওয়া হবে, যাঁরা লেভেল ৭০ এবং তার নীচে কাজ করছেন।’ যে সংস্থার বিশ্বজুড়ে ২ লাখ ২৩ হাজারের মতো ফুল-টাইম কর্মচারী (২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত) আছেন বলে বার্ষিক রিপোর্টে জানানো হয়েছিল।
AI খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সাধারণ কর্মীদের চাকরিতে কোপ
আর সেই সিদ্ধান্তের নেপথ্যে আছে এআই খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ানো। বিশ্বের অন্যান্য টেক জায়ান্টের মতোও এআই ডেটা সেন্টার এবং চিপের ক্ষেত্রে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০২৬ ক্যালেন্ডার বর্ষেই মাইক্রোসফটের তরফে ১৭৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সেই পরিস্থিতিতে কোপ নেমে এসেছে সাধারণ কর্মীদের উপরে। গত জুলাইয়ে ৪,৮০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল মাইক্রোসফট। দীর্ঘদিন ধরে বড় অঙ্কের বিনিয়োগের পরে এক্সবক্স গেমিং ব্যবসার কাঠামোকে ঢেলে সাজানো এবং পাঁচটি স্টুডিও পর্যন্ত বিক্রি বা হস্তান্তরেরও ঘোষণা করেছিল। আবার কয়েকমাস আগে আমেরিকার প্রায় ৯,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার প্রস্তাব দিয়েছিল টেক জায়ান্ট। এবার মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়ের জন্য সেই অফার কার্যকর হবে। আর অতীতের স্বেচ্ছাবসর কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে এবারের অফার তৈরি করা হয়েছে।