সৌরভ গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর, প্রায় বছর দেড়েক বন্ধ ছিল জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরি। টলিউডে কানাঘুষো পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণেই নাকি তিনি ছাড়েন জি বাংলার হাত। কারণ, স্টার জলসা থেকে মোটা পারিশ্রমিকে বিগ বস বাংলা ও একটি কুইজ রিয়েলিটি শো সঞ্চালনার অফার পান।
কেন দাদাগিরি ছাড়লেন সৌরভ?
সম্প্রতি টাফ টক উইথ ঋতব্রত পডকাস্টে এসে দাদাগিরি ছাড়ার কারণ নিয়ে কথা বলেন সৌরভ। তাঁর যুক্তি দশ বছর এই শো সঞ্চালনা করার পর, নতুন চ্যালেঞ্জ হিসেবেই বিগ বস বাংলা নেওয়া। সৌরভ বলেন, ‘অনেক দিন করেছি (দাদাগিরি)। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।’
দাদা থেকে বিগ বস হয়ে ওঠার জন্যেই কি ছাড়লেন জি বাংলা? যাতে সৌরভের জবাব ছিল, ‘দাদা-দাদাই। বাঙালির ঘরের ছেলে। দাদা সিম্পল মানুষ। বিগ বস আর দাদাগিরি তো শো-এর নাম। প্রিন্স ক্রিকেটের নাম। দাদা বাঙালির ঘরের ছেলে।’
স্টার জলসার সঙ্গে সৌরভের চুক্তি
খবর রয়েছে, স্টার জলসার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে। যাতে তিনি দুটি শো সঞ্চালনা করবেন। একটি বিগ বস বাংলা। আরেকটি কুইজ শো, তবে সেটির ফরম্যাট এখনো সামনে আসেনি, শুধু প্রথম ঝলক দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। খুব সম্ভবত, বিগ বস বাংলা শেষ হলেই, সেই কুইজ শো-টি শুরু হবে। অর্থাৎ ডিসেম্বরের আশেপাশে।
দেবের দাদাগিরির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
এই টক শো-তে এসে সৌরভ জানান যে, দাদাগিরি-র সঞ্চালনা-র প্রস্তাব পেয়ে তাঁকে ফোন করেছিলেন দেব। তিনি পরামর্শ দিয়েছিলেন, দাদা হওয়ার চেষ্টা না করতে। বরং দেব হয়েই নতুনভাবে শো চালাতে। সঙ্গে সৌরভ বেশ খুশি মনেই জানান যে, দেবের সঞ্চালনায় দাদাগিরি দেখছেন তিনিয। আর তা ভালোও লাগছে।

বিগ বস বাংলা-র সঞ্চালক হিসেবে ‘ব্যর্থ’ সৌরভ?
সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলের মুখে পড়তে হয়েছে সৌরভকে বাংলা বিগ বসের সঞ্চালক হিসেবে। বিশেষ করে বড় অংশের দাবি, কোনো ‘সাবলীলতা নেই’ তাঁর সঞ্চালনায়। বড় বেশি ‘স্ক্রিপ্টেড’। এখানেই শেষ নয়, দর্শকদের দাবি তিনি বেশ কিছু প্রতিযোগীদের নিয়ে একপেশে। যার মধ্যে বারবার উঠে এসেছে জীতু-দুর্নিবারদের নাম। আসলে প্রথম থেকেই সলমন খানের সঙ্গে তুলনা করা হচ্ছে সৌরভের।