বিগ বস বাংলার ঘরে জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে। তাঁদের মধ্যে প্রেম, প্রত্যাখ্যান, অভিমান এবং একে অপরকে প্রায়োরিটি দেওয়ার মতো বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন। বুধবারের এপিসোডে সেই বিবাদ পৌঁছল চরমে। নিরঞ্জনের সঙ্গে সৃজলার কথোপকথনকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন জীতু। এমনকী, উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় অভিনেতার মুখে এমন কিছু শব্দ শোনা যায়, যা মূল এপিসোডে মিউট করে দেওয়া হলেও লাইভে সম্প্রচারিত হয়েছিল। আর সেই কথার সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
ভাইরাল হওয়া ভিডিওতে জীতুকে বলতে শোনা যায়, ‘বাথরুমে ঢুকে আমি তোমার সঙ্গে চুম্মাচাটি করেছি…’। এই বক্তব্যের একটি অংশ ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই দাবি করছেন, বিগ বসের ঘরে বাথরুমে গিয়ে একে অপরকে চুমু খেয়েছেন জীতু ও সৃজলা। কিন্তু সত্যিই কি তেমন কোনও ঘটনা ঘটেছে?
এপিসোডের সম্পূর্ণ কথোপকথন দেখলে বিষয়টি একেবারেই অন্য রকম বলে মনে হয়। আসলে নিরঞ্জন ও রাজবীরের সঙ্গে মেলামেশা, হাসাহাসি এবং গসিপ করার প্রসঙ্গ তুলেই ওই মন্তব্য করেন জীতু। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, নিরঞ্জনের সঙ্গে বাথরুমে গিয়ে যদি এত হাসি-মজা ও ঘনিষ্ঠতা দেখানো হয়ে থাকে, তা হলে সৃজলা কেন তাঁর সামনেই নিজের দুর্বলতা প্রকাশ করলেন না? কেন অন্যের সামনে চোখের জল ফেললেন, অথচ নিজের কষ্টের কথা জীতুকে জানালেন না? সৃজলার আচরণে এই বৈপরীত্যই মেনে নিতে পারছেন না অভিনেতা। তবে তাঁদের কথোপকথনের একটি অংশ আলাদা করে ছড়িয়ে পড়ায় সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি।
অন্যদিকে, বুধবারের এপিসোডে সৃজলাকে দেখা যায় বিগ বসের কনফেশন রুমে গিয়ে নিজের মনের কথা জানাতে। সেখানে তিনি বলেন, প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার পর জীতু যেভাবে ভেঙে পড়ছেন, তা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন। তাই জীতুকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তিনি। তবে গোটা পরিস্থিতি তাঁকে যথেষ্ট ভয় পাইয়ে দিচ্ছে বলেও জানান অভিনেত্রী। একইসঙ্গে বারবার স্পষ্ট করেন, জীতুকে তিনি ভালোবাসেন ঠিকই, কিন্তু সেই ভালোবাসা শুধুই বন্ধুত্বের।
কনফেশন রুমে সৃজলা আরও একটি ব্যক্তিগত বিষয় সামনে আনেন। বাইরে তাঁর যে সম্পর্ক নিয়ে চর্চা চলছে, অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ, সেটিও নাকি বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই। বিগ বসের ঘরে প্রবেশ করার আগে থেকেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল বলে জানান তিনি। এমনকী, শো থেকে বেরিয়ে সেই সম্পর্ক আদৌ টিকবে কি না, তা নিয়েও সংশয়ে রয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে জীতু ও সৃজলার সম্পর্কের টানাপোড়েন এখন বিগ বস বাংলার অন্যতম চর্চিত বিষয়। একদিকে জীতুর অভিমান ও প্রত্যাশা, অন্যদিকে সৃজলার বন্ধুত্বের অবস্থানে অনড় থাকা—দুইয়ের সংঘাতেই উত্তপ্ত হচ্ছে রিয়্যালিটি শোর ঘর। এরই মধ্যে এই সপ্তাহের নমিনেশন তালিকায় রয়েছেন ‘মন ফাগুন’-খ্যাত অভিনেত্রী। ফলে আগামী রবিবারের পর্ব ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল। সৃজলা কি বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন, নাকি সমস্ত বাধা পেরিয়ে পৌঁছে যাবেন ফাইনাল উইকে? আপাতত সেই উত্তর জানার অপেক্ষায় দর্শকরা। পাশাপাশি শো থেকে বেরিয়ে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়ে অভিনেত্রী কী প্রতিক্রিয়া দেন, সেদিকেও নজর রয়েছে তাঁর অনুরাগীদের।