Aditi Munshi and Debraj Chakraborty। দেবরাজের ‘ডান হাতে’ টান পড়তে হাইকোর্টে ছুটলেন অদিতিও

Spread the love

Aditi Munshi and Debraj Chakraborty: আমাদেরও গ্রেফতার করতে পারে – এমনই আশঙ্কাপ্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। তাঁদের দাবি, আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই রাজারহাট-গোপালপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি ও বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ আগাম জামিনের আর্জি জানিয়েছেন। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামিকাল সেই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

দেবরাজের ‘ডান হাতে’ টান পড়েছে

আর অদিতি ও দেবরাজ সেই আর্জি জানিয়েছেন বিধাননগরের মেয়র পারিষদের ‘ডান হাত’-র গ্রেফতারির পরেই। এমনিতে রাজ্যে পালাবদলের পর থেকে দুর্নীতি, আয়-বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে তৃণমূলের একের পর এক ছোটো-বড়-মাঝারি নেতাদের গ্রেফতার করছে শুভেন্দু অধিকারীর পুলিশ। কয়েক ঘণ্টা আগেই দেবরাজের ‘ডান হাত’ হিসেবে পরিচিত অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। তারইমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘খাস’ দেবরাজ।

সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ তোলেন তরুণজ্যোতি

এমনিতে অদিতির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে আসছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। লাগাতার সরব হয়েছেন দেবরাজের বিরুদ্ধেও। ভোটের ফলপ্রকাশের আগেরদিন বাগুইহাটি থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, মনোনয়নপত্রে সম্পত্তি নিয়ে সব তথ্য দেননি। তাঁরা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রচুর সম্পত্তি কিনেছেন বলেও অভিযোগ করেন তরুণজ্যোতি।

দেবরাজের দিন গোনা শুরু, কটাক্ষ করেছেন তরুণজ্যোতি

তাছাড়াও বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তরুণজ্যোতি দাবি করে এসেছেন যে দেবরাজের দিন গোনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পরে বিজেপি বিধায়ক বলেন, ‘সুজিত বসু গ্রেফতার হয়েছেন পুরনিয়োগ দুর্নীতি মামলায়। দক্ষিণ দমদম পুরসভার আরও অনেকে গ্রেফতার হবে। দেবরাজ চক্রবর্তী হাত গোনা শুরু করুক। জেলের ভাত কপালে আছে।’ দিনকয়েক আগেই আবার বলেন, ‘হারাধনের একটা ছেলে আজকে গেল। রাজারহাট গোপালপুর এর বড় তোলাবাজের চমচা ছোট তোলাবাজ সরকারি অতিথি হয়েছে আজকে। বড়টাও যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *