বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর ফ্যাশন ও সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন। চলতি বছরে আলিয়া ভাটের একটি পোস্টার ঘিরে বিতর্ক উঠেছিল তুঙ্গে। তবে সব বিতর্কে জল ঢেলে, মেয়ে আরাধ্যাকে নিয়ে কানে পৌঁছন রাই-সুন্দরী। ইতিমধ্যেই তাঁর বেগুনি গাউন আলোচনার কেন্দ্রে। আর তারই মাঝে মাত্র ১৪ বছর বয়সে কানে ডেবিউ করলেন বচ্চন পরিবারের নাতনি আরাধ্যা বচ্চন।
শুক্রবার সন্ধ্যায়, মা-মেয়ের জুটি কান-এর বিশেষ অনুষ্ঠান ‘লাইটস অন উইমেন্স ওর্থ’-এ একসঙ্গে প্রবেশ করেন। স্টাইলিশ এবং গ্ল্যামারাস অবতারে আরাধ্যাকে দেখে চোখ ফেরানো দায়। অভিষেক-কন্যা সাটিন কাপড়ের তৈরি একটি সুন্দর গাঢ় লাল রঙের গাউন পরেছিল। শুধু তাই নয়, চি্রাচরিত সেই হেয়ারস্টাইলও বদলে গিয়েছে আরাধ্যার। ব্যাংস হেয়ারস্টাইলের বদলে সাইড-পার্টেড স্টাইল করেছেন।
অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন ‘সোফি ক্যুচার’ ব্র্যান্ডের একটি হালকা গোলাপি রঙের ফ্লোরাল গাউন পরেছিলেন । হোটেল থেকে বেরিয়ে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ঐশ্বর্যের আরাধ্যার হাত ধরে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরাধ্যার এই লুকের ছবি-ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তাকে প্রশংসা-ভালোবাসায় ভরিয়েছে নেটপাড়া।
এক নেটিজেন লিখলেন, ‘কী যে মিষ্টি লাগছে আরাধ্যাকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল’। আরেকজন লেখেন, ‘ঐশ্বর্য ওজি কান কুইন! সেরা সেরা! আরাধ্যাকে ফাটাফাটি লাগছে’। আরেকজন লেখেন, ‘মায়ের উত্তরাধিকার বহন করতে আরাধ্যা তৈরি! ঐশ্বর্য বরাবরই বেস্ট মাম্মা’। অন্য কমেন্টে লেখা হয়, ‘দুঃখের বিষয় এবারও বচ্চনদের কেউ এই নিয়ে একটাও কথা বলবে না। এই যদি মেয়ে শ্বেতা হত, সবাই একক্ষণে সোশ্যাল মিডয়ায় পোস্ট করে ফেলত।’

কান ২০২৬-এর প্রথম ঝলকে অভিনেত্রী একটি জমকালো রয়্যাল ব্লু বডিকন ক্যুচার গাউন পরে রেড কার্পেটে হেঁটেছেন। পোশাকটিতে কাঁধের কাছে ছিল বিশেষ নকশা। বৃহস্পতিবার রাতে ঐশ্বর্যকে তাঁর মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। ফরাসি রিভিয়েরার দিকে যাওয়ার পথে মা ও মেয়ে দুজনেই কালো পোশাকে টুইনিং করেছিলেন।